গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৫:১৯ এএম  ||  প্রকাশের তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৮:২৮ পিএম

গাইবান্ধায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় নিহত ২

জাতীয়
গণমাধ্যম ডেক্স
গাইবান্ধায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় নিহত ২

গাইবান্ধার সুন্দরগঞ্জে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যানের চালক আহত হন। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামাল হাটসংলগ্ন কামরাঙ্গার তল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তথ্যটি নিশ্চিত করেছেন বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন।

নিহতরা হলেন, রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের ইমাদপুর হাজীপাড়া গ্রামের মৃত সোলেমানের ছেলে এনামুল হক (৪০) এবং একই এলাকার মোন্তাজ আলীর ছেলে আনোয়ার হোসেন (৪২)। ওই দুজন পানের বরজে কাজ করতেন। আহত অটোভ্যান চালকের নাম আব্দুল হামিদ (৪১)। তিনিও একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল ও আনোয়ার পানের বরজে কাজ করার জন্য আব্দুল হামিদের অটোভ্যানে করে জামাল হাটের কামরাঙ্গার তল এলাকায় যাচ্ছিলেন। একপর্যায়ে পথে একটি ট্রাক অটোভ্যানটিকে ধাক্কা দিলে যাত্রী দুজন গুরতর আহত হন। এতে ঘটনাস্থলে এনামুল হকের মৃত্যু হয় এবং গুরুতর আহত আনোয়ার হোসেনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এছাড়া ভ্যানচালকও আহত হয়। তবে ট্রাকচালক ও হেলপার তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আহত ভ্যানচালক আব্দুল হামিদ বলেন, ‘ট্রাক বেশি স্পিডে এসে ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এরপর রাস্তায় ছিটকে পড়ি আমরা। ট্রাকচালকের বেশি স্পিডের কারণে এ ঘটনা ঘটেছে। আমি তো সাইড দিয়েই রাস্তার পাশ থেকে যাত্রী তুলছিলাম। এরা খুব বেপরোয়া, আমি এদের শাস্তি চাই।’

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর বলেন, ‘ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।