গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০৫:০৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৮:২১ পিএম

মতিঝিলে পূবালী ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার প্রমাণ, জরিমানা ৪ লাখ টাকা

জাতীয়
গণমাধ্যম ডেক্স
মতিঝিলে পূবালী ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার প্রমাণ, জরিমানা ৪ লাখ টাকা

রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে জ্বালানি তেল পরিমাপে অনিয়মের দায়ে মেসার্স পূবালী ফিলিং স্টেশনকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির দুটি জ্বালানি তেল সরবরাহকারী ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহযোগিতায় মতিঝিল এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে মেসার্স পূবালী ফিলিং স্টেশনের ৫টি ডিসপেন্সিং ইউনিট যাচাই করা হয়। এ সময় একটি পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৪৬০ মিলিলিটার এবং একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১০০ মিলিলিটার জ্বালানি তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া পরিদর্শন কাজে বাধা প্রদানের অভিযোগও পাওয়া যায়।

এসব অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয় এবং অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট দুটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. তারেক রহমান এবং পরীক্ষক (মেট্রোলজি) শিখন সাহা।

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, সঠিক পরিমাপে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং পণ্য ও সেবার মান নিয়ন্ত্রণে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।