হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীতে ডুবে মো. আনজালা (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে সোনাই নদীতে ডুবে যায় শিশুটি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ছয় ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত আনজালা উপজেলার পূর্ব মাধবপুর এলাকার জলফু মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মায়ের সঙ্গে রান্নার জ্বালানি সংগ্রহ করতে সোনাই নদীর পাড়ে যায় আনজালা। এ সময় অসাবধানতাবশত নদীতে পড়ে যায় শিশুটি। পরে অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ ছয় ঘণ্টা অভিযান চালানোর পর সন্ধ্যা ৬টার দিকে ডুবুরি দল শিশুটির মরদেহ উদ্ধার করে।
মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মনোতুষ মল্লিক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্র: কালবেলা