গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ১২:৫৪ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০৯:২৮ এএম

গাজীপুরে শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে হতাহতের খবর গুজব

জাতীয়
গণমাধ্যম ডেক্স
গাজীপুরে শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে হতাহতের খবর গুজব

গাজীপুরে পোশাক কারখানা শ্রমিকদের চলমান আন্দোলনে পুলিশের গুলিতে কোনো শ্রমিক আহত বা নিহত হওয়ার ঘটনা ঘটেনি বলে জানিয়েছে গাজীপুর জেলা পুলিশ। এ ধরনের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া গুজব বলে দাবি করা হয়েছে। 

সোমবার (২ নভেম্বর) রাতে গাজীপুর জেলা পুলিশ প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রাসহ বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ আন্দোলনকে কেন্দ্র করে কোনো দুষ্কৃতকারী বা অশুভ চক্র যাতে সহিংসতা, ভাঙচুর কিংবা রাষ্ট্রীয় ও জনগণের সম্পদের ক্ষতি করতে না পারে, সে লক্ষ্যে পুলিশ সংযম, ধৈর্য ও আইনি পন্থায় দায়িত্ব পালন করছে। শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এরই মধ্যে মজুরি বোর্ড গঠন করেছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিছু ষড়যন্ত্রকারী ব্যক্তি ও গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিল এবং পুলিশের বিরুদ্ধে সাধারণ আন্দোলনকারীদের খেপিয়ে তুলতে পুলিশের গুলিতে শ্রমিক বা শিক্ষার্থী আহত-নিহত হওয়ার গুজব ছড়াচ্ছে। তবে গাজীপুরে শ্রমিক আন্দোলনে পুলিশ গুলি চালায়নি এবং এতে কেউ হতাহতও হয়নি।

এ অবস্থায় কোনো ধরনের গুজব ও অপপ্রচারে কান না দিতে শ্রমিক ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে গাজীপুর জেলা পুলিশ। পাশাপাশি দুষ্কৃতকারীদের উসকানিতে সহিংসতা, জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের মতো কর্মকাণ্ড থেকে বিরত থেকে নিজ নিজ কাজে মনোনিবেশ করার অনুরোধ জানানো হয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।