রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের নিচে এ ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
এর আগে সকাল থেকেই পল্লবী ইন্ডাস্ট্রিয়াল এলাকার বিভিন্ন পোশাক কারখানার সামনে কয়েক হাজার শ্রমিক জড়ো হতে থাকেন। এ সময় তাদের অনেকের হাতে লাঠিসোঁটা দেখা যায়।
পরে শ্রমিকরা সড়কে নেমে এলে পুলিশ তাদের বাধা দেয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এরপর মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের নিচে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হলে স্টেশনের ভেতরে আটকা পড়েন অনেক যাত্রী।
এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, সড়কে শ্রমিকদের অবরোধ করতে দেওয়া হচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা চেষ্টা করছি। মিরপুর ১১ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় ধাওয়া-পাল্টাধাওয়া চলছে।
এর আগে গত শনিবার মিরপুরের বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। প্রথমে কারখানার ভেতরে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু হলেও পরে তা ছড়িয়ে পড়ে সড়কে।
রোববার শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধকে কেন্দ্র করে মিরপুরের বিভিন্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে বলে জানিয়েছে পুলিশ। পরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় কয়েকজনকে আটকও করা হয়।
সূত্র: নতুন আরএসএস সোর্স