গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০৭:৫৩ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০৫:০৪ পিএম

শেখ হাসিনার স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রির আশঙ্কা ট্রাইব্যুনালের

জাতীয়
গণমাধ্যম ডেক্স
শেখ হাসিনার স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রির আশঙ্কা ট্রাইব্যুনালের

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি বা অন্যভাবে হস্তান্তরের আশঙ্কা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এ আশঙ্কায় তাদের সব সম্পত্তির পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে দ্রুত রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে প্রসিকিউশন।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই রায়ে তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণ হিসেবে বিলিবণ্টনের আদেশ দেন ট্রাইব্যুনাল।

রায়ে সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছিল। তবে এখনো তাদের সব স্থাবর-অস্থাবর সম্পত্তি দ্রুত রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ানা হলে দণ্ডিত পলাতক আসামিরা যে কোনো সময় এসব সম্পত্তি ভোগ, বিক্রি কিংবা অন্য কোনোভাবে হস্তান্তর করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রসিকিউশন।

চিঠিতে আরও বলা হয়েছে, সম্পত্তি হস্তান্তর বা বিক্রি হয়ে গেলে ট্রাইব্যুনালের বাজেয়াপ্তসংক্রান্ত রায় ও আদেশ বাস্তবায়ন বাধাগ্রস্ত হতে পারে। এমনকি আদালতের আদেশ কার্যত নিষ্ফল হওয়ার আশঙ্কাও রয়েছে।

এ পরিস্থিতিতে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নামে থাকা সব স্থাবর-অস্থাবর সম্পত্তির পূর্ণাঙ্গ তালিকা দ্রুত প্রস্তুত করার পাশাপাশি সেগুলো রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে প্রসিকিউশন।

একই সঙ্গে ট্রাইব্যুনালের রায় ও আদেশ অনুসারে এসব সম্পত্তি বিক্রি বা ব্যবস্থাপনার মাধ্যমে প্রাপ্ত অর্থ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীদের ক্ষতিপূরণ হিসেবে বণ্টনের প্রয়োজনীয় উদ্যোগ নিতেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।