প্রশান্ত মহাসাগরে দুই মাসের বেশি সময় ধরে নিখোঁজ থাকার পর ৮৬ বছর বয়সী এক নাবিক ও তার পোষা কুকুরকে উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সান দিয়েগো উপকূল থেকে প্রায় ৪৬০ মাইল দূরে কয়েক দিনের অনুসন্ধান শেষে তাদের উদ্ধার করে মার্কিন কোস্টগার্ড। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যান্ত্রিক ত্রুটির কারণে নাবিকের নৌযানটি ৬০ দিনেরও বেশি সময় ধরে সাগরে ভাসছিল। এতে সীমিত খাবার ও অন্যান্য সরঞ্জাম নিয়ে স্থলভাগ থেকে অনেক দূরে আটকা পড়েন তিনি ও তার কুকুর। গত ২০ আগস্টের পর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।
কোস্টগার্ডের উদ্ধার সমন্বয় কেন্দ্র আলামেডা একটি জরুরি সংকেত পায়। সংকেতটি ছিল একটি জরুরি অবস্থান শনাক্তকারী রেডিও বিকন থেকে। পরীক্ষা করে দেখা যায়, বিকনটি ‘উইলো উইন্ড’ নামের নৌযানের নিবন্ধিত।
পরে সাগরপথে চলাচলকারী একটি বাণিজ্যিক পণ্যবাহী জাহাজ উদ্ধার অভিযানে সহায়তা করে। জাহাজটির নাবিকরা বৃদ্ধ ব্যক্তি ও তার কুকুরকে নিরাপদে নিজেদের জাহাজে তুলে নেন। পরে চিকিৎসাকর্মীরা তাদের শারীরিক অবস্থা পরীক্ষা করেন।
দীর্ঘ দুই মাসের দুর্ভোগের পরও দুজনের শারীরিক অবস্থা তুলনামূলক স্থিতিশীল ছিল বলে জানানো হয়েছে।
ক্যালিফোর্নিয়া পোস্টের বরাতে কোস্টগার্ড জানায়, উদ্ধার হওয়া নাবিক শারীরিকভাবে দুর্বল ছিলেন এবং হাঁটাচলায় অসুবিধা হচ্ছিল। তবে তার শরীরে বড় ধরনের কোনো আঘাত পাওয়া যায়নি। পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে অ্যাম্বুলেন্সে করে স্ক্রিপস মার্সি হাসপাতালে নেওয়া হয়।
উদ্ধার অভিযান সফল হওয়ায় বাণিজ্যিক জাহাজের নাবিক ও কোস্টগার্ড সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংস্থাটির দক্ষিণ-পশ্চিম জেলা কমান্ড সেন্টারের প্রধান কমান্ডার জেসন নগুয়েন।
তিনি বলেন, ‘উদ্ধার অভিযান সফলভাবে শেষ করতে বাণিজ্যিক জাহাজের নাবিক ও কোস্টগার্ডের সদস্যরা সমন্বিতভাবে কাজ করেছেন। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।’
এ ঘটনা সমুদ্রে যাত্রার সময় জরুরি যোগাযোগ সরঞ্জাম সঙ্গে রাখা এবং যাত্রাপথ ও সম্ভাব্য গন্তব্যের তথ্য উপকূলে থাকা কারও কাছে রেখে যাওয়ার গুরুত্ব তুলে ধরেছে বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র : নিউইয়র্ক পোস্ট
সূত্র: নতুন আরএসএস সোর্স