গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ১০:৫১ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০৫:৫৪ পিএম

চট্টগ্রামের ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

জাতীয়
গণমাধ্যম ডেক্স
চট্টগ্রামের ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের হালিশহর থানায় দায়ের করা অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার প্রধান পলাতক আসামি নুর হোসাইন নুরকে (৩৮) গ্রেপ্তার করেছে এসআরবি-৭।  মঙ্গলবার (৩ নভেম্বর) এসআরবি-৭ পাঠানো এক বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়। এসআরবি সূত্রে জানা যায়, সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার কোতোয়ালি থানার বাদামতলী এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নুর হোসাইন নুর চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের সারেং বাড়ির মৃত নুর আলমের ছেলে। বিজ্ঞপ্তিতে বলা হয়, হালিশহর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা এ মামলার এজাহারনামীয় প্রধান আসামি নুর হোসাইন নুর। গোপন সংবাদের ভিত্তিতে তিনি ঢাকার কোতোয়ালি থানা এলাকায় অবস্থান করছেন বলে জানতে পারে এসআরবি-৭। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, গ্রেপ্তারের পর নুর হোসাইন নুরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।