গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০৯:৪১ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০৭:০৩ পিএম

দুর্ঘটনাস্থলেই নিহত শিক্ষার্থীর জানাজা পড়লেন সহপাঠী ও শিক্ষকরা

জাতীয়
গণমাধ্যম ডেক্স
দুর্ঘটনাস্থলেই নিহত শিক্ষার্থীর জানাজা পড়লেন সহপাঠী ও শিক্ষকরা

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মুসফিরাতের (২০) জানাজা দুর্ঘটনাস্থলেই পড়েছেন তার সহপাঠী ও শিক্ষকরা। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের সড়কে তার জানাজা অনুষ্ঠিত হয়।

মাইশার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধ চলাকালেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থী, জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর নিহত শিক্ষার্থীর জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে, ৮ দফা দাবিতে কয়েক ঘণ্টা ধরে সড়ক ও রেলপথ অবরোধ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এতে যোগাযোগব্যবস্থা মারাত্মক ব্যাহত হয়। খবর পেয়ে বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে আসেন চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া ও পুলিশ সুপার মাসুদ আলমসহ অন্য প্রশাসনিক কর্মকর্তারা। এক পর্যায়ে শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিলে পাঁচ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়।

এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি লরির ধাক্কায় ৮ নম্বর রুটের একটি মিনিবাস উল্টে যায়। এ সময় সড়কের পাশে থাকা শিক্ষার্থীদের ওপর বাসটি পড়ে। এতে চাপা পড়ে গুরুতর আহত হন মাইশা। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাইশা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের কড়তাকিয়া এলাকায়।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।