গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬, ০১:৫৭ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৮ অক্টোবর, ২০২৬, ০৫:২৫ পিএম

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে খালেদা জিয়ার সাজে তিন শিশু

জাতীয়
নিজস্ব প্রতিবেদক
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে খালেদা জিয়ার সাজে তিন শিশু

নেত্রকোনার কলমাকান্দায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে নজর কেড়েছে খালেদা জিয়ার আদলে সাজা তিন শিশু ও পাঁচ বছরের আজমাইনের লাঠিখেলা। বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত র‍্যালিতে ব্যতিক্রমী সাজে তিন শিশুর অংশগ্রহণ এবং অল্প বয়সে আজমাইনের লাঠিখেলার নৈপুণ্য উপস্থিত মানুষের মধ্যে কৌতূহল তৈরি করে।

সকালে উপজেলা সদরে বের হওয়া র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার আটটি ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা অংশ নেন।

র‍্যালির সামনের সারিতে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার আদলে সেজে অংশ নেয় তিন শিশু। তাদের ঘিরে উপস্থিত মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়। অনেকে তাদের ছবি তোলেন।

তিন শিশুর একজন অহনা আক্তার বলে, ‘আমি খালেদা জিয়ার সাজ সেজেছি। তার মতো সাজতে পেরে আমার খুব ভালো লাগছে। আজ এখানে অনেক মানুষ এসেছে। সবাই আমাদের ছবি তুলেছে। এটা দেখে আমার আরও ভালো লেগেছে।’

র‍্যালিতে আলাদা করে নজর কাড়ে পাঁচ বছরের শিশু আজমাইন। ঐতিহ্যবাহী লাঠিখেলায় তার দক্ষতা দেখে আগ্রহ নিয়ে খেলা উপভোগ করেন উপস্থিত ব্যক্তিরা।

আজমাইন বলে, ‘দাদাকে দেখে লাঠিখেলা শিখছি। লাঠিখেলা করতে আমার খুব ভালো লাগে। আজ এই বড় র‍্যালিতে সবার সামনে খেলা দেখাতে পেরে আমি অনেক খুশি।’

শিশুদের ব্যতিক্রমী সাজ ও আজমাইনের লাঠিখেলা প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে যোগ করে বাড়তি আকর্ষণ।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।