প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০১:০৮ এএম || প্রকাশের তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০৮:৫৫ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখতে ও অপরাধ নিয়ন্ত্রণে দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামিসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) সোনারগাঁ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলার তিনজন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার দুজন, চুরি মামলার একজন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজন এবং পাঁচজন মাদকসেবী রয়েছেন।
বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন- সোনারগাঁ সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. ফাহিম প্রধান (২৫) এবং সোনারগাঁ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কাশেম মোল্লা (৬৫)।
অন্যদিকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- হজরত আলী (৬৪), মো. শাহ আলম (৪৩) এবং ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানা এলাকার ৪৯ নম্বর ওয়ার্ড যুবলীগের রাজনীতির সাথে জড়িত মো. ইসমাইল হোসেন সিরাজী (৩৮)।
এছাড়া উপজেলার মেঘনাঘাট, তাতুয়াকান্দি ও ফ্রেশ কোম্পানি এলাকা থেকে মো. করিম সাহা (৩০), মিহাদুল (২২), মো. রানা, মো. ফয়সাল ও মো. নাইম (২২) নামে পাঁচ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে চুরি মামলায় অভিযুক্ত পটুয়াখালীর মফিজুল গাজী (২২) এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় অভিযুক্ত চাঁদপুরের সাদ্দাম হোসেনকে (৩৯) গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া ১২ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: কালবেলা