গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৩:৪০ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০৪:০৩ পিএম

নিউ ইয়র্ক বাংলা বইমেলার তিন যুগ, প্রস্তুতি শুরু

জাতীয়
গণমাধ্যম ডেক্স
নিউ ইয়র্ক বাংলা বইমেলার তিন যুগ, প্রস্তুতি শুরু

প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে এগিয়ে নিতে দীর্ঘ ৩৬ বছরের পথ পেরিয়েছে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। এবার তিন যুগ পূর্তি ও ৩৭ বছরে পদার্পণ উপলক্ষে চার দিনব্যাপী বিশেষ আয়োজন করতে যাচ্ছে মেলাটি। আগামী বছরের ২৮ থেকে ৩১ মে পর্যন্ত নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে বসবে এই সাহিত্য ও সাংস্কৃতিক মিলনমেলা। মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এবারের বইমেলায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গসহ বিশ্বের বিভিন্ন দেশের বাংলা প্রকাশনা সংস্থাকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। আগ্রহী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে আগামী ৩১ ডিসেম্বর-এর মধ্যে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও মেলার মূল আয়োজন হবে জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে। এর ঠিকানা ১৫৩-১০ জ্যামাইকা অ্যাভিনিউ, জ্যামাইকা, নিউ ইয়র্ক ১১৪৩২। তিন যুগের এই যাত্রাকে বিশেষভাবে উদ্‌যাপন করতে প্রস্তুতি শুরু করেছে আয়োজকরা। তাদের প্রত্যাশা, এবারের আয়োজন লেখক, প্রকাশক, পাঠক ও সাহিত্য-সংস্কৃতির সঙ্গে যুক্ত মানুষের মধ্যে নতুন যোগাযোগ ও সেতুবন্ধন তৈরি করবে। একই সঙ্গে প্রবাসে বাংলা ভাষার চর্চা এবং নতুন প্রজন্মের কাছে বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে পরিচিত করে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মেলাটি। মেলা সম্পর্কিত বিস্তারিত তথ্য, নিবন্ধন নির্দেশিকা ও সর্বশেষ খবর জানা যাবে আয়োজকদের ওয়েবসাইট www.nyboimela.org এবং ফেসবুক পেজ www.facebook.com/newyorkboimela-তে।

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।