গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ১২:৫০ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ১০:০২ পিএম

‘মবের শিকার’ সেই অধ্যক্ষ ২৬ মাস পর ফিরলেন দায়িত্বে

জাতীয়
গণমাধ্যম ডেক্স
‘মবের শিকার’ সেই অধ্যক্ষ ২৬ মাস পর ফিরলেন দায়িত্বে

রাজশাহীর বাগমারার উপজেলার ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী দীর্ঘ ২৬ মাস ১৩ দিন পর পুনরায় দায়িত্বভার গ্রহণ করেছেন। মঙ্গলবার (০৩ নভেম্বর) নানা নাটকীয়তা, অভিযোগ-পাল্টা অভিযোগ এবং প্রশাসনিক জটিলতা পেরিয়ে অবশেষে নিজ পদে ফিরলেন তিনি।

জানা গেছে, ২০২৪ সালের ২১ আগস্ট মব সৃষ্টির মাধ্যমে পদত্যাগ করিয়ে কলেজে থেকে বিতাড়িত করা হয় অধ্যক্ষ হাতেম আলীকে। এরপর থেকে তিনি দায়িত্বের বাইরে ছিলেন। অভিযোগ আছে, দায়িত্ব ফিরে পেতে সংশ্লিষ্ট দপ্তর থেকে চিঠি পেলেও অদৃশ্য কারণে তাকে কলেজে ঢুকতে দেওয়া হয়নি।

অবশেষে চলতি বছরের ১৩ অক্টোবর তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় অভিযোগের দায় থেকে অব্যাহতি পান এবং কলেজের দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। গত ২৯ অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এ-সংক্রান্ত চিঠি জারি করা হয়। সেই নির্দেশনার আলোকে ২৬ মাস ১৩ দিন পর পুনরায় তিনি অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেন।

অধ্যক্ষের অনুপস্থিতিতে কলেজটির পরিচালনার রুটিন দায়িত্ব পালন করেন তিনজন শিক্ষক। তারা হলেন আব্দুস সাত্তার সরদার, রমজান আলী ও বেলাল হোসেন। পর্যায়ক্রমে তাদের ওপর প্রতিষ্ঠানের দায়িত্ব ন্যস্ত ছিল।

দীর্ঘ সময় পর অধ্যক্ষের স্বপদে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে কলেজের শিক্ষক-কর্মচারী ও সংশ্লিষ্ট মহলে আলোচনা তৈরি হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনার মধ্য দিয়ে তার দায়িত্বে ফেরার বিষয়টি নিষ্পত্তি হওয়ায় কলেজের প্রশাসনিক কার্যক্রমে স্বাভাবিকতা ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে অধ্যক্ষ হাতেম আলী বলেন, মব সৃষ্টি করে আমাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। পরে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় আমাকে দায়িত্ব প্রদান করা হয়। এখন থেকে আবারও কলেজের সুনাম অক্ষুণ্ন রেখে সব শিক্ষকের সহযোগিতায় লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাব। 

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।