গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৪:২৪ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০৫:১১ পিএম

কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ, প্রিমিয়ারে নতুন তিন পরিচালক

জাতীয়
গণমাধ্যম ডেক্স
কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ, প্রিমিয়ারে নতুন তিন পরিচালক

বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান মো. আতাউর রহমান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মহসিন মিয়া অবশেষে পদত্যাগ করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় তাঁরা পদত্যাগ করেন। তাঁদের পদত্যাগের পর আজ মঙ্গলবার মো. রফিকুল ইসলাম এবং এস এম আব্দুল হামিদকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই দিন প্রিমিয়ার ব্যাংকে আরও তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর ২০২৪ সালের সেপ্টেম্বরে কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আতাউর রহমানকে চেয়ারম্যান এবং সোস্যাল ইসলামী ব্যাংকের সাবেক ডিএমডি মো. মহসিন মিয়াকে নির্বাহী কমিটির চেয়ারম্যান করে পাঁচ সদস্যের পর্ষদ গঠন করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের গত বছরের এক পরিদর্শনে সুদ মওকুফসহ বিভিন্ন অনিয়মে এই দুজনের সম্পৃক্ততা উঠে এলে তাঁদের অপসারণের সুপারিশ করে পরিদর্শক দল। পরে আরও একটি পরিদর্শনে অনিয়মের সত্যতা পাওয়া যায়। দীর্ঘ প্রক্রিয়া শেষে সম্প্রতি তাঁদের পদত্যাগ করতে বলা হয়।

অপর দিকে ২০২৪ সালের আগস্ট–পরবর্তী বাংলাদেশ ব্যাংক থেকে পর্ষদ পুনর্গঠন করা আরেকটি ব্যাংক ছিল প্রিমিয়ার ব্যাংক। ব্যাংকটির পর্ষদে নতুন করে আরও তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তাঁরা হলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাহেদুর রহমান, মোহাম্মদ মোশারফ হোসেন ও মো. মাসুদুর রহমান শাহ। তাঁদের মধ্যে মোহাম্মদ মোশারফ হোসেন বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংক-কোম্পানি আইনের আলোকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে পদত্যাগ করে প্রিমিয়ার ব্যাংকে যোগদানের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।