গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৪:২৪ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০৫:৪৮ পিএম

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে সরকার আন্তরিক

জাতীয়
গণমাধ্যম ডেক্স
জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে সরকার আন্তরিক

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে সরকার আন্তরিক। এ বিষয়ে বিরোধী পক্ষের কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তরুণদের প্রতি অনুরোধ জানিয়েছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বিশেষ কমিটির মতবিনিময়ে এই অনুরোধ জানানো হয়।

সভা শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে জুলাই গণ–অভ্যুত্থানে অবদান রাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কমিটির মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে সংবিধানে শিক্ষা ও চিকিৎসাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা, গণ–অভ্যুত্থানের দাবি যথাযথভাবে বাস্তবায়ন, জুলাই সনদের টেকসই বাস্তবায়ন, প্রধানমন্ত্রীর বিদ্যমান ক্ষমতা, নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করা, জরুরি অবস্থাসংক্রান্ত বিধান, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা এবং গণভোটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠকে জুলাই গণ–অভ্যুত্থানে ছাত্রদের গুরুত্বপূর্ণ অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এ সময় ঐতিহাসিকভাবে যুগে যুগে তরুণেরাই জাতিকে পথ দেখিয়েছেন উল্লেখ করে তরুণদের কল্যাণে জনবান্ধব ও সংবিধান সংশোধনের মাধ্যমে জাতির জন্য একটি যুগোপযোগী সংবিধান প্রণয়নের বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠকে আরও উল্লেখ করা হয়, জুলাই সনদে স্পষ্টভাবে ‘সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কার’-এর কথা বলা হয়েছে। জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে সরকার আন্তরিক। এ বিষয়ে বিরোধী পক্ষের কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তরুণদের প্রতি অনুরোধ জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ছাত্রদলের একজন শীর্ষস্থানীয় নেতা মতবিনিময়ে বলেন, সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো উচিত নয়। তিনি নোট অব ডিসেন্ট বা ভিন্নমতসহ যেভাবে জুলাই সনদ সই হয়েছে, সেভাবে সনদ বাস্তবায়নের দাবি জানান।

জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে এই মতবিনিময় সভা হয়। বৈঠকে কমিটির সদস্যদের মধ্যে চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জুলাই গণ–অভ্যুত্থানে অবদান রাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিদের মতবিনিময়ে আমন্ত্রণ জানানো হয়েছিল। মোট ৬২ জনকে আমন্ত্রণ জানানো হলেও উপস্থিত ছিলেন ৩১ জন। ছাত্রদল, ছাত্র ইউনিয়ন (একাংশ), সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা বৈঠকে অংশ নেন। জুলাই আন্দোলনের সময়ের পরিচিত মুখ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আসিফ মাহমুদ, আবদুল হান্নান মাসউদ, নুসরাত তাবাসসুম, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সহসভাপতি সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদকেও মতবিনিময়ে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তাঁরা মতবিনিময়ে উপস্থিত ছিলেন না।

আমন্ত্রণের চিঠি সংযুক্ত করে নিজের ফেসবুক আইডিতে সাদিক কায়েম লিখেছেন, ‘আমি এবং ডাকসু জুলাই গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষাবিরোধী এই প্রহসনের মতবিনিময় সভা প্রত্যাখ্যান করছি এবং বর্জন করছি।’

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।