
ঢাকাই সিনেমা এখনো মূলত শাকিব খান কেন্দ্রিক। তাঁর সিনেমাগুলো ঈদে আলোচনায় থাকে। এই সিনেমাগুলো সম্পর্কে নানা কথাবার্তা হয়। তবে শাকিব–নির্ভরতার দায় কার? সম্প্রতি পরিচালক সমিতির এক মতবিনিময় সভায় শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমার পরিচালক হিমেল আশরাফ বলেন, সিনেমার জন্য ভালো গল্প থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে শাকিব খান ছাড়াও অনেক কিছু করা সম্ভব।
হিমেল তাঁর বক্তব্যে বলেন, ‘গল্প যখন শক্তিশালী হয়, তখন শাকিব খান না থাকলেও অনেক কিছু করা যায়। কিন্তু সমস্যা শুরু হয় ভালো গল্প লেখকের অভাব। হিরো-হিরোইনদের বাইরে আমাদের সিনিয়র শিল্পীর অভাব আছে, যা সিনেমা নির্মাণে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।’

হিমেল মনে করেন, সিনেমা নির্মাণে দক্ষ কলাকুশলী খুবই জরুরি, যা দেশের প্রেক্ষাপটে কম। ‘আমাদের সিনেমায় খুবই কম টেকনিশিয়ান আছেন। আগে বড় বড় আর্ট ডিরেক্টর এবং ক্যামেরাম্যান ছিলেন, এখন সিনেমা বানাতে বিজ্ঞাপন ইন্ডাস্ট্রি থেকে ক্যামেরাম্যান নিয়ে আসতে হয়। তাঁদের বাজেট বেশি হয়। তাঁরা ১৮ থেকে ২০ লাখ টাকা চান। কিন্তু আমার সিনেমার বাজেট তো এত টাকা দেওয়ার জন্য প্রস্তুত নয়।’
হিমেল আরও বলেন, ‘আমাদের সহকারী পরিচালকের জন্য কলকাতায় যোগাযোগ করতে হয়। এই হলো পরিস্থিতি। এখন সিনেমার জন্য ভালো প্রতিষ্ঠান দরকার, যেখান থেকে টেকনিশিয়ানরা আসবে। মেকআপম্যান, সহকারী পরিচালক আসবে। প্রফেশনালিজম থাকতে হবে। তাহলে সিনেমার সংখ্যা বাড়বে। আমাদের বছরে হাতে গোনা কিছু সিনেমা হয়। টেকনিশিয়ানরা কী করবে?’—বললেন হিমেল।

এই আয়োজনে উপস্থিত ছিলেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। তিনি বললেন, ‘শাকিব খানকে নিয়ে যে বাজেটে সিনেমা বানানো হয়, সেই টাকায় নতুন একজনকে নিয়ে সিনেমা বানান। তাহলে সে আরেকটি শাকিব খান হয়ে উঠবে। ইন্ডাস্ট্রি নিয়ে আমাদের মূল জায়গায় ফোকাস করা উচিত। বিতর্ক থাকবে, মতভেদ থাকবে, কিন্তু এক হয়ে কাজ করতে হবে। প্রয়োজন হলে সরকারের সঙ্গে মিটিংয়ে বসতে হবে।’

‘আজকের চলচ্চিত্রে সংকট, করণীয় ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক’ চলচ্চিত্র নিয়ে এই সভায় সিনেমার ই-টিকেটিং, সরকারি অনুদান ও চলচ্চিত্র নীতিমালা, সিনেমার পরিবেশনা ব্যবস্থাপনাসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অঙ্গনের অভিনেতা, পরিচালক ও প্রযোজকদের মধ্যে হেলাল খান, শিবা শানু, অমিতাভ রেজা চৌধুরী, বদিউল আলম খোকন, আরশাদ আদনান, শাহরিয়ার শাকিল, ছটকু আহমেদ, শাহিন সুমন, শাহিন কবির টুটুলসহ অনেকে। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মাল্টিপারপাস হলে আয়োজনটি করে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।
সূত্র: প্রথম আলো