গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৩:৪০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০১:১২ পিএম

অফিসে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল ব্যাংক কর্মচারীর

জাতীয়
গণমাধ্যম ডেক্স
অফিসে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল ব্যাংক কর্মচারীর

নওগাঁর বদলগাছীতে মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে যাওয়ার পথে পাথরবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল হান্নান (৪১) নামে এক ব্যাংক কর্মচারী নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের কেশাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হান্নান উপজেলার রুকুনপুর গ্রামের রমজান আলীর ছেলে। তিনি রূপালী ব্যাংক পিএলসির জয়পুরহাটের আক্কেলপুর শাখায় অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে কর্মস্থল আক্কেলপুরের উদ্দেশে রওনা হন হান্নান। পথে কোলা ইউনিয়নের কেশাইল এলাকায় পৌঁছালে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় পাথরবোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও অবৈধ যানটির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ছাড়া মামলার প্রস্তুতি চলছে।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।