গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৭:৪১ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০২:৪৭ পিএম

বিএফআরআইয়ের ২৯ কর্মকর্তা-কর্মচারীকে প্রশিক্ষণ দিচ্ছে ফরেস্ট একাডেমি

জাতীয়
গণমাধ্যম ডেক্স
বিএফআরআইয়ের ২৯ কর্মকর্তা-কর্মচারীকে প্রশিক্ষণ দিচ্ছে ফরেস্ট একাডেমি

বন বিভাগের গবেষণালব্ধ জ্ঞানকে মাঠপর্যায়ের বাস্তব কাজের সঙ্গে যুক্ত করতে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) ২৯ কর্মকর্তা-কর্মচারীকে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে ফরেস্ট একাডেমি, চট্টগ্রাম। আড়াই মাসের এ প্রশিক্ষণে বন ব্যবস্থাপনা, সংরক্ষণ ও সংশ্লিষ্ট বিষয়ে তাদের পেশাগত দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সোমবার (৫ অক্টোবর) চট্টগ্রামের ফরেস্ট একাডেমিতে ৭৫ দিনব্যাপী ‘ফরেস্টার কোর্স’-এর উদ্বোধন করা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. সাইদুর রহমান প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরেস্ট একাডেমির পরিচালক ও কোর্স পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএফআরআইয়ের পাবলিসিটি অফিসার ও ফরেস্টার কোর্সের কোর্স সমন্বয়ক এয়াকুব আলী।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানান ফরেস্ট একাডেমির পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম। এতে বক্তব্য দেন বিএফআরআইয়ের পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ তারিফুল বারী এবং বন অধিদপ্তরের উপপ্রধান বন সংরক্ষক ড. মো. জগলুল হোসেন। 

এ ছাড়া বক্তব্য দেন বিএফআরআইয়ের বন ব্যবস্থাপনা উইংয়ের মুখ্য গবেষণা কর্মকর্তা ড. হাসিনা মরিয়ম এবং বনজ সম্পদ উইংয়ের মুখ্য গবেষণা কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান।

বক্তারা প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, বন ব্যবস্থাপনা ও সংরক্ষণ কার্যক্রমকে আরও কার্যকর করতে প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতার যথাযথ প্রয়োগ জরুরি। অর্জিত অভিজ্ঞতা কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মক্ষেত্রে কাজে লাগানোর ওপরও তারা গুরুত্ব দেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফরেস্ট একাডেমির বাগানে শ্বেতচন্দন, রিঠা ও তমালগাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরেস্ট একাডেমির উপবন সংরক্ষক মো. আনিসুর রহমান ও ফরেস্ট রেঞ্জার সিগমা আলম।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।