গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৮:১৫ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০২:৫০ পিএম

অভয়নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ৩

জাতীয়
গণমাধ্যম ডেক্স
অভয়নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ৩

যশোরের অভয়নগরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে বুধবার (৪ নভেম্বর) সকালে বাসের সঙ্গে ভ্যানের সংঘর্ষে প্রাণ গেছে দুজনের। এর আগে মঙ্গলবার রাতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন এক কলেজছাত্র। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সকালে যশোর-খুলনা মহাসড়কের ভৈরব সেতুসংলগ্ন মশরহাটী গ্রামে বাস ও ভ্যানের সংঘর্ষে নিহত হন আব্দুস সমাদ বিশ্বাস (৫০) ও আব্দুল ওহাব (৫৫)। তারা অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামের বাসিন্দা। সমাদ বিশ্বাস মঈন বিশ্বাসের ছেলে এবং ওহাব হায়দার আলীর ছেলে।

স্থানীয়রা দুর্ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে উপজেলার চেঙ্গুটিয়া এলাকার উড়োতলা নামক স্থানে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন আব্দুল্লাহ আল আপন (২২)। তিনি বুইকারা গ্রামের ওবাইদুল কাদেরের ছেলে এবং পায়রাহাট ইউনাইটেড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

ওই দুর্ঘটনায় হোসেন আলী (৩০) নামে আরও একজন গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, যশোর-খুলনা মহাসড়কে পৃথক দুর্ঘটনায় কলেজছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থল দুটি পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।