যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের জয়কে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন দেশটির বিরোধী নেতারা। বুধবার (৪ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তাদের দাবি, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের দীর্ঘদিনের দ্বিদলীয় সম্পর্ক দুর্বল করেছেন। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে তারা নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন সরকার গঠনের চেষ্টা করছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদ- উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডেমোক্র্যাটরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এ ফলাফল বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ যুদ্ধের প্রতি মার্কিন জনগণের অসন্তোষও নির্বাচনে প্রভাব ফেলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর ডানপন্থী জোট সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারালেও প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের জন্য সরকার গঠনের পথ পুরোপুরি সহজ হয়নি।
দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বুধ (৪ অক্টোবর) ও বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিভিন্ন দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন। এরপর কাউকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হবে।
ইসরায়েলের বিরোধী ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান বলেছেন, মার্কিন নির্বাচনের ফলাফল দেখিয়েছে, ডেমোক্র্যাট ও রিপাবলিকান- উভয় দলের কাছেই নেতানিয়াহু কতটা অজনপ্রিয় হয়ে উঠেছেন।
বিরোধী নেতা ইয়ার লাপিদ বলেন, নেতানিয়াহু ক্ষমতায় থাকলে ইসরায়েলের নিরাপত্তা, গণতন্ত্র ও আন্তর্জাতিক অবস্থান ক্ষতিগ্রস্ত হবে।
তেল আবিব বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক উদি সোমারের মতে, নতুন ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত মার্কিন কংগ্রেস ইসরায়েলের প্রতি ইতিহাসের সবচেয়ে কঠোর অবস্থান নিতে পারে।
সূত্র: রয়টার্স
সূত্র: নতুন আরএসএস সোর্স