গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০১:১৫ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৮:১০ পিএম

বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা, মানতে হবে যেসব নিয়ম

জাতীয়
গণমাধ্যম ডেক্স
বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা, মানতে হবে যেসব নিয়ম
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, জাতীয় ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে শিক্ষার্থীদের পরিচিত করতে এবার বঙ্গভবন পরিদর্শনের সুযোগ তৈরি হচ্ছে। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা নির্ধারিত নিয়ম মেনে এ ভ্রমণে অংশ নিতে পারবে। এ জন্য ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের বঙ্গভবন ভ্রমণসংক্রান্ত নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করেছে রাষ্ট্রপতির কার্যালয়। সম্প্রতি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে নীতিমালাটি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নীতিমালা অনুযায়ী, বঙ্গভবন পরিদর্শনের জন্য শিক্ষার্থীরা মোট দেড় ঘণ্টা সময় পাবে। নির্ধারিত দিনে সকাল ১০টায় তাদের বঙ্গভবনে প্রবেশ করতে হবে। শুরুতেই শিক্ষার্থীরা পরিদর্শন করবে তোশাখানা জাদুঘর। সেখানে বঙ্গভবনের ইতিহাস ও কার্যক্রম নিয়ে নির্মিত একটি ভিডিও দেখানো হবে। এরপর মূল ভবনের সামনে ছবি তোলা, ঐতিহাসিক এয়ার রেইড শেল্টার ও হরিণপার্ক ঘুরে দেখার মধ্য দিয়ে শেষ হবে তাদের বঙ্গভবন ভ্রমণ। তবে নিরাপত্তা বা বিশেষ রাষ্ট্রীয় প্রয়োজনে কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে। নীতিমালায় ভ্রমণে অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বনিম্ন ৩০ জন এবং সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী এ পরিদর্শনে যেতে পারবে। তাদের সঙ্গে থাকতে পারবেন তিন থেকে চারজন শিক্ষক বা দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক পরে যেতে হবে। নিরাপত্তার স্বার্থে বঙ্গভবনের ভেতরে শিক্ষার্থী ও শিক্ষকরা মোবাইল ফোন, ক্যামেরা, স্মার্টঘড়ি কিংবা অন্য কোনো ইলেকট্রনিক যন্ত্র নিতে পারবেন না। একই সঙ্গে ভেতরে প্রবেশের অনুমতি থাকবে না কোনো ব্যাগেরও। এছাড়া শিক্ষার্থীদের বহনকারী বাস বা অন্যকোনো যানবাহন বঙ্গভবনের ভেতরে প্রবেশ করতে পারবে না। নির্ধারিত স্থানে গাড়ি রেখে শিক্ষার্থীদের হেঁটেই বঙ্গভবনে প্রবেশ করতে হবে। উল্লেখ্য, পরিদর্শনের স্মৃতি ধরে রাখতে বঙ্গভবন কর্তৃপক্ষ নির্ধারিত ছবি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরবরাহ করবে। এ জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে সঙ্গে একটি পেনড্রাইভ নিয়ে যেতে বলা হয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।