বৃহস্পতিবার শুরু হচ্ছে ছেলেদের ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের আসর। ২৩ বছর পর শিরোপার স্বপ্ন দেখছে বাংলাদেশ। সেজন্য পুরো দলকে আসরে শতভাগ ঢেলে দিতে হবে। শিষ্যদের উপর শতভাগ আস্থাও রাখছেন কোচ থমাস ডুলি। সংবাদ সম্মেলনে আসিয়ান কাপের বাজে পারফরম্যান্স নিয়ে আলোচনা হয়েছে। ডুলি বলেছেন, ‘আমাদের খেলোয়াড়দের উপর একশ শতাংশ বিশ্বাস করি। তারা যদি এমন পারফর্ম করে যা তারা অনুশীলনে দেখিয়েছে, তারা যা ভাবে, তারা মাঠে যা অর্জন করতে পারে এবং নব্বই মিনিট ধরে লড়াই করতে পারে, মনে করি এই টুর্নামেন্ট জেতার আমাদের একটি বাস্তব সুযোগ আছে, একশ শতাংশ।’ ‘স্বপ্ন দেখা ভালো। কিন্তু আমাদের বাস্তববাদী হতে হবে এবং সে কারণেই আবার বলছি, জীবনে যা চান তা অর্জন করতে পারেন, যদি লক্ষ্য বাস্তবসম্মত হয়। সাফ জেতার লক্ষ্যটি বাস্তবসম্মত। কী ঘটবে, সেটা জানি না। চলুন ১৮ তারিখে কথা বলি এবং খুঁজে বের করতে পারব কী ঘটেছে, কেন ঘটেছে ইত্যাদি।’ শিরোপার আশা করে ডুলি বললেন, ‘এখন আমাদের প্রথম মিনিট থেকে শেষ মিনিট পর্যন্ত লড়াই করতে হবে। প্রথম মিনিট থেকে শেষ মিনিট পর্যন্ত ভালো ফুটবল খেলতে হবে, কেউ পিছু হটতে পারবে না। বলতে পারবে না ওইটা করতে চাই না, এটা করতে চাই না। যদি ভুটানের বিরুদ্ধে নয় বা দশজন খেলোয়াড় নিয়ে খেলেন, তবে আমাদের কোন সুযোগ নেই। সবাইকে মাঠে নিজেদের সেরাটা দিতে হবে।’ সাফের সংবাদ সম্মেলনে জামাল ভূঁইয়ার পরিবর্তে তপু বর্মণের আসা নিয়ে কোচ বললেন, ‘আমার এ পর্যন্ত দুই বা তিনজন অধিনায়ক আছে। আমরা যখন ইতালিতে গিয়েছিলাম, তার আগে তপু ছিল অধিনায়ক, ইতালিতে যাওয়ার আগে জামাল ছিল অধিনায়ক। কালকের খেলায় সে (তপু) ক্যাপ্টেন হবে বা হতে পারে এটা কোন বড় চমক নয়। আমি জানি না কেন, এটা নিয়ে এত প্রশ্ন উঠছে।’