গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০২:৪০ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৪:০৪ পিএম

গ্যাসের সরবরাহ কমেছে, এমন চলবে কত দিন

জাতীয়
গণমাধ্যম ডেক্স
গ্যাসের সরবরাহ কমেছে, এমন চলবে কত দিন

ঘোষণা অনুসারে আজ বুধবার সকালে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) একটি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। এর ফলে সারা দেশে গ্যাসের সরবরাহ কমেছে। এটি আরও তিন দিন অব্যাহত থাকতে পারে। এতে গ্রাহক পর্যায়ে গ্যাসের চাপ কমতে পারে। তবে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।

বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সূত্র বলছে, আজ সকাল ৮টায় সারা দেশে মোট গ্যাস সরবরাহ হয়েছে ২৫৪ কোটি ঘনফুট। এ সময় এলএনজি থেকে সরবরাহ করা হয় ৯৭ কোটি ঘনফুট। এরপর সকাল ১০টার সময় সরবরাহ কমে দাঁড়ায় ২০৮ কোটি ঘনফুটে, যার মধ্যে এলএনজি থেকে আসে ৫১ কোটি ঘনফুট। তার মানে সরবরাহ কমেছে ৪৬ কোটি ঘনফুট।

কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে টানা চার দিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে খবর ছড়িয়ে পড়ে। এতে অনেকেই আতঙ্কিত হয়ে খোঁজখবর নিতে শুরু করেন। মূলত এটি একটি গুজব। এর সূত্রপাত হয়েছে গ্যাস সরবরাহের চাপ কমার সংবাদ থেকে। ১ নভেম্বর পেট্রোবাংলা জানায়, এলএনজি সরবরাহ কমার কারণে ৪ নভেম্বর থেকে টানা চার দিন গ্যাসের চাপ কম থাকবে।

গ্যাস খাত–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এলএনজি রূপান্তর করে পাইপলাইনে সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল আছে। এর মধ্যে একটি টার্মিনালে রক্ষণাবেক্ষণ কাজের জন্য চার দিন সরবরাহ বন্ধ থাকবে। ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গুজবের বিষয়টি বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশনেরও (পেট্রোবাংলা) নজরে এসেছে। গতকাল মঙ্গলবার তারা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে একটি মহল কোনো কোনো সংবাদমাধ্যমের ফটোকার্ড বানিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রটিয়েছে। তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

পেট্রোবাংলা বলছে, দুটো ভাসমান টার্মিনাল মিলে গ্যাস সরবরাহের সক্ষমতা ১০৫ কোটি ঘনফুট। সরবরাহ করা হচ্ছিল ৯২ থেকে ৯৭ কোটি ঘনফুট। আজ বেলা ২টায় সরবরাহ করা হয়েছে ৫৪ কোটি ঘনফুট।

এর আগে দেশে গত আগস্ট ও সেপ্টেম্বর মাসেও গ্যাসের ব্যাপক সংকট ছিল। সে সময় বিদ্যুৎ উৎপাদন কমে লোডশেডিং বেড়েছিল। গ্যাসের অভাবে শিল্পকারখানা পুরো সক্ষমতায় চালানো যাচ্ছিল না। রান্না ও পরিবহনে ভোগান্তি পোহাতে হয় মানুষজনকে।

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।