গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৩:১৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৯:০৮ এএম

বরিশালে চারতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে প্রাণ দিলেন যুবক

জাতীয়
গণমাধ্যম ডেক্স
বরিশালে চারতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে প্রাণ দিলেন যুবক

বরিশালের মুলাদীতে চারতলা ভবন থেকে পড়ে সিয়াম নামের এক যুবক নিহত হয়েছেন। দাবি করা হচ্ছে- ওই যুবক ভবনের ওপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মুলাদী থানা থেকে প্রায় ৫০ গজ দূরে হাজী টাওয়ার নামক ভবনে এই ঘটনা ঘটে। নিহত সিয়াম (২১) মুলাদী সদর ইউনিয়নের খালাসিরচর গ্রামের তসলিম হাওলাদারের ছেলে।

ঘটনাস্থলে থাকা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে সিয়াম সিঁড়ি বেয়ে হাজী টাওয়ারে ওঠে। সেখানে ১০ মিনিট বসে থাকার পর বিকেল ৩টা ৪২ মিনিটে তিনি ছাদ থেকে নিচে ঝাঁপ দেন। পরে থানা পুলিশ এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সিয়ামের বাবা তসলিম হাওলাদার জানান, মুলাদীতে কাজ আছে বলে দুপুরে বাসা থেকে বের হয়। কী কারণে এমন ঘটনা ঘটল, তা নিশ্চিত নন বলে দাবি করেন তিনি।

ভবন মালিক ওমর ফারুক বলেন, সিসি ক্যামেরার ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে, ওই যুবক নিজেই ভবনের ছাদে উঠে ঝাঁপ দিয়েছেন। তবে কেন আমাদের ভবন থেকেই লাফ দিল, সেটা নিশ্চিত নই।

মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম সোহেল রানা বলেন, সিসি ক্যামেরার ফুটেজে স্পষ্ট যে, নিজে থেকেই ঝাঁপ দিয়েছে। প্রাথমিক তদন্তে যতটুকু জানা গেছে, ওই যুবক মানসিকভাবে অসুস্থ ছিলেন। ভবনের ওপর থেকে তিনি কয়েকবার ঝাঁপ দেওয়ার চেষ্টা করে আবার ফিরে যান। শেষ পর্যন্ত ঝাঁপ দিয়ে মারা গেছেন।

তিনি বলেন, মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। পাশাপাশি এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।