গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০২:৪৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৯:৩৫ এএম

ইকবালের ‘নসিব’ সিনেমায় খলনায়ক মুকেশ ঋষি, কিন্তু নায়ক কে?

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ইকবালের ‘নসিব’ সিনেমায় খলনায়ক মুকেশ ঋষি, কিন্তু নায়ক কে?

মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘নসিব’ সিনেমায় প্রধান খলনায়কের চরিত্রে অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকেশ ঋষি, তবে ছবিটিতে প্রধান নায়ক হিসেবে কে থাকছেন তা নিয়ে এখনো রহস্য বজায় রেখেছেন নির্মাতা। অমিতাভ বচ্চন, সালমান খান ও আমির খানের মতো তারকাদের বিপরীতে খলনায়কের চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেতার এটিই প্রথম বাংলাদেশি সিনেমায় অভিষেক।

ছবির শুটিংয়ে অংশ নিতে চলতি নভেম্বর মাসেই বাংলাদেশে আসার কথা রয়েছে এই অভিনেতার। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক নিজেই।

মোহাম্মদ ইকবাল বলেন, আমার নতুন সিনেমা ‘নসিব’-এ খলচরিত্রে অভিনয় করবেন মুকেশ ঋষি। এই সিনেমার শুটিংয়ে অংশ নিতে চলতি মাসেই বাংলাদেশে আসবেন। সিনেমাটির গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন এই অভিনেতা।

পরিচালক জানান, ‘নসিব’ সিনেমার প্রথম ধাপের শুটিং এরই মধ্যে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে। এবার শুরু হচ্ছে দ্বিতীয় ধাপের কাজ। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা এখন নসিব সিনেমার দ্বিতীয় লটের শুটিংয়ের জন্য বগুড়ার উদ্দেশে রওনা হচ্ছি। সেখানে আগামী ৯ তারিখ থেকে মূল শুটিংয়ের কাজ শুরু হতে যাচ্ছে। আর এই সিনেমার শুটিং করতেই চলতি মাসে বাংলাদেশে আসছেন মুকেশ ঋষি।

বলিউডে খলনায়ক হিসেবে পরিচিতি পেলেও মুকেশ ঋষির অভিনয়জীবন শুধু হিন্দি সিনেমায় সীমাবদ্ধ নয়। তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও পাঞ্জাবি ভাষার চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। নব্বইয়ের দশক থেকে বিভিন্ন ভাষার সিনেমায় নিয়মিত অভিনয় করছেন এই অভিনেতা।

অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সূর্যবংশম’, ‘লাল বাদশাহ’ ও ‘কোহরাম’ সিনেমায় অভিনয় করেছেন মুকেশ। সালমান খানের সঙ্গে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘জুড়ওয়া’, ‘বন্ধন’ ও ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনার’। অন্যদিকে আমির খানের ‘সারফারোশ’ সিনেমায় ইন্সপেক্টর সেলিম চরিত্রে অভিনয় করে প্রশংসা পান তিনি। ‘গুন্ডা’ সিনেমার বুল্লা চরিত্রটিও তাকে দর্শকের কাছে বিশেষ পরিচিতি এনে দেয়।

‘নসিব’ সিনেমার প্রধান জুটি হিসেবে থাকছেন নতুন মুখ। তবে নায়ক-নায়িকার নাম ও বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করেননি পরিচালক মোহাম্মদ ইকবাল ও প্রযোজনা প্রতিষ্ঠান। সিনেমার প্রথম পোস্টার প্রকাশের পর নতুন এই জুটিকে নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। কক্সবাজারে তাদের নিয়ে রোমান্টিক ও অ্যাকশন দৃশ্যের শুটিং শেষ হয়েছে।

এদিকে সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। মুকেশ ঋষি ছাড়াও এতে আরও কয়েকজন বিদেশি অভিনয়শিল্পী থাকছেন বলে জানিয়েছেন পরিচালক। তবে তাদের পরিচয়ও এখনো প্রকাশ করা হয়নি।

আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘নসিব’। অ্যাকশন ও রোমান্টিক ঘরানার এই সিনেমাটি আগামী রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।