দায়িত্ব শেষ হওয়ার আট দিন পর অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) দপ্তর ছেড়েছেন সংগঠনটির ১৭তম সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে দপ্তর ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি।
ফেসবুক পোস্টে সালাহউদ্দিন আম্মার লিখেছেন, ‘প্রিয় রাবিয়ানরা! আপনারা আমার মতো নগণ্য মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করে এই সম্মান দিয়েছিলেন। আমি আপনাদের জন্য নিজের সামর্থ্য, সময়, শ্রম দিয়ে পাশে থাকার চেষ্টা করেছি। অনেক ভুল করেছি, সেগুলোর জন্য আপনাদের নিকট আন্তরিক ক্ষমাপ্রার্থী। আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আমাকে আপনারা একটা নতুন জীবন দিয়েছেন। আপনারা আমাকে নির্বাচিত না করলে হয়তোবা নীরবে নিভৃতে হারিয়ে যেতাম কচুরিপানার মতো।’
দপ্তর ছাড়ার বিষয়ে তিনি লেখেন, প্রশাসনের চিঠি অনুযায়ী ৪ নভেম্বর রাকসুর চাবি ও আসবাবপত্র হস্তান্তরের কথা ছিল। আলহামদুলিল্লাহ, বড় একটা দায়িত্ব থেকে মুক্ত তিনি। শেষ সময়টা ভাগ করে নিয়েছেন গত এক বছরের সঙ্গী রাকসুর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে। সবাইকে ভালো থাকার শুভকামনাও জানান তিনি।
আগামী দিনের কর্মসূচি নিয়ে আম্মার লিখেছেন, এখন থেকেই পরবর্তী রাকসুর লড়াই এবং বিগত ৯ দফা আন্দোলনের লড়াই চলবে ‘রাবি সংস্কার আন্দোলন’ প্ল্যাটফর্মে।
তিনি আরও লিখেছেন, ‘আমি এখান থেকে আন্দোলন চালিয়ে যাবো আর শিক্ষার্থী ভাই-বোনেরা ইমার্জেন্সি যে কোনো সমস্যায় আমাকে স্মরণ করবেন। শিক্ষার্থীদের ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলো ইনশাআল্লাহ নভোকালচার প্লাটফর্মে সলভ করার চেষ্টা করবো।’
উল্লেখ্য, রাকসুর কোষাধ্যক্ষের চিঠিতে দায়িত্ব শেষ হওয়ার আট দিন পর বুধবার নিজের দপ্তর ছেড়ে চাবি ও আসবাবপত্র হস্তান্তর করেন সালাহউদ্দিন আম্মার।
সূত্র: নতুন আরএসএস সোর্স