ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ভালোই লড়ছে বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটের আসরে ২৩১ রানে আফগানদের আটকে দিয়েছে টাইগার যুবারা। জয়ে শুরু করতে ফরিদ হাসানদের চাই ২৩২ রান। আসরের প্রতিটি ম্যাচ সরাসরি দেখাচ্ছে আইস্ক্রিন। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে বাংলাদেশকে বোলিংয়ের আমন্ত্রণ জানান আফগান অধিনায়ক সোহাইল খান। ব্যাটে নেমে ৪৯ ওভারে ২৩১ রানে অলআউট হয় তার দল। দুই ওপেনার আব্দুল্লাহ নাদারযান এবং ফরিদুল্লাহ ইশাস ১৫ করে রান আনেন। শাহ ফয়সাল রাহিমি দলের সর্বোচ্চ ৮৩ রানের ইনিংসটি খেলেন। তাহির সারওয়ারি ৩৭ করেন। সোহাইল ১৭ রানে ফেরেন। বাংলাদেশের হয়ে তাফিউল আলম তামিম ৪ উইকেট নেন। রবিউল হাসান অনিক নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন রুবায় ইসলাম রিজন, শেখ আতিকুর রহামান এবং আলী রাফি।