গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৭:৩৬ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৪:৩৩ পিএম

ইসরায়েলে প্রধানমন্ত্রী নির্বাচনে দলগুলোর মতামত নিচ্ছেন প্রেসিডেন্ট

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ইসরায়েলে প্রধানমন্ত্রী নির্বাচনে দলগুলোর মতামত নিচ্ছেন প্রেসিডেন্ট

ইসরায়েলে নতুন সরকার গঠনের লক্ষ্যে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেরুজালেমে প্রেসিডেন্টের সরকারি বাসভবনে এ আলোচনা অনুষ্ঠিত হয়। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

নবনির্বাচিত নেসেটের (ইসরায়েলি পার্লামেন্ট) প্রতিনিধিত্বকারী দলগুলোর সঙ্গে দুই দিনব্যাপী পরামর্শের অংশ হিসেবে বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় কয়েকটি ছোট দলের সঙ্গে বৈঠক করেন হারজগ। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো আলোচনা অব্যাহত থাকে।

প্রতিটি রাজনৈতিক দলকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তাদের পছন্দের প্রার্থীর নাম সুপারিশ করতে বলা হয়েছে। এসব সুপারিশ পর্যালোচনা করে প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেবেন, কোন সংসদ সদস্যকে প্রথমে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হবে।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ ও ওতজমা ইয়েহুদিত তাকে সমর্থন জানিয়েছে। 

অন্যদিকে ইয়াশার, দ্য ডেমোক্র্যাটস, বি’ইয়াচাদ ও রা’আম দল গিদেওন সা’আরের পরিবর্তে গাদি আইজেনকটের প্রতি সমর্থন ঘোষণা করেছে। ইউনাইটেড তোরাহ জুডাইজম কোনো প্রার্থীর নাম সুপারিশ না করার সিদ্ধান্ত নিয়েছে। আরব নেতৃত্বাধীন জয়েন্ট লিস্টও এখনো তাদের অবস্থান স্পষ্ট করেনি।

১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর জোটের আসন ৫৩টি। অন্যদিকে আইজেনকটের প্রতি সমর্থন জানানো বিরোধী দলগুলোর আসন ৪৮টি। জয়েন্ট লিস্ট ও রা’আমের মোট আসন ১৯টি। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১ আসনের সমর্থন।

জয়েন্ট লিস্ট ও রা’আম বিরোধী জোটের সঙ্গে যুক্ত হলে আইজেনকটের পক্ষে ৬৭ আসনের সমর্থন তৈরি হতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

ইসরায়েলের আইন অনুযায়ী, প্রেসিডেন্টের নির্বাচিত প্রার্থী সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানো যেতে পারে।
  
সূত্র: আনাদোলু এজেন্সি

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।