গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:৩৭ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৫:০৪ পিএম

সাফল্য ধরে রেখে এইচএসসিতেও জিপিএ–৫ পেলেন অদম্য মেধাবী সাদিয়া তাসনিম

জাতীয়
গণমাধ্যম ডেক্স
সাফল্য ধরে রেখে এইচএসসিতেও জিপিএ–৫ পেলেন অদম্য মেধাবী সাদিয়া তাসনিম

সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এসএসসির পর এইচএসসিতেও জিপিএ–৫ পেয়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার অদম্য মেধাবী মোছা. সাদিয়া তাসনিম সিথি। তিনি উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছেন। এর আগে উপজেলা সদরের ধানঘরা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষাতেও জিপিএ-৫ পেয়েছিলেন।

এসএসসি পরীক্ষায় ভালো ফলের পর কলেজে পড়ার খরচ চালানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন মা–বাবাসহ পরিবারের সবাই। এ সময় তাঁর পাশে দাঁড়ায় প্রথম আলো। ‘ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্টের’ বৃত্তি লাভ করায় পড়ালেখার খরচ নিয়ে দুশ্চিন্তা দূর হয় তাঁর।

সাদিয়া উপজেলার রায়গঞ্জ পৌরসভার ঝাপড়া চকমথুর এলাকার মো. সরওয়ার্দী সরকার ও মোছা. ফেরদৌসী বেগম দম্পতির দ্বিতীয় সন্তান। বসতবাড়ি আর সামান্য চাষের জমি তাঁদের সম্বল। পরিবারের বড় ছেলে সুলতানুল আরেফিন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিষয়ে স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থী।

পড়ালেখায় বরাবরই ভালো সিথি। ধানগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতির অংশ হিসেবে বর্তমানে রাজশাহী শহরে থেকে কোচিং করছেন সাদিয়া তাসনিম।

এইচএসসি পরীক্ষার ফল ঘোষণার পর মুঠোফোনে কথা হয় সাদিয়ার সঙ্গে। ভালো ফলের জন্য মা–বাবা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘এই সফলতা আমাকে আমার ভবিষ্যৎ গড়তে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। জীবনের প্রতিকূলতায় কিছু মাধ্যম থাকে, যার মাধ্যমে মহান আল্লাহ তা কাটিয়ে উঠতে সাহায্য করেন। ঠিক সে রকমই আমার পাশে ছিল ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট, যার সমর্থন মূলত আমাকে এ পর্যন্ত আসতে অনুপ্রাণিত করেছে। আশা করি, তাদের সমর্থন আমাকে ভবিষ্যতেও এগিয়ে যেতে সাহায্য করবে।’

সিথির মা বলেন, ‘দুই সন্তানই পড়াশোনায় ভালো। ছেলেটা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে। মেয়েটাও এবার আইএ পরীক্ষায় ভালো ফল করেছে। এখন অপেক্ষা ভালো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার।’ এ জন্য সবার কাছে মেয়ের জন্য দোয়া কামনা করেন তিনি। মেয়ের এইচএসসি পড়ালেখার সময় ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট বৃত্তি দিয়ে খুব উপকার করেছে বলে জানান তিনি।

রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুদ রানা বলেন, অদম্য মেধাবী সাদিয়া তাসনিম জিপিএ-৫ পেয়ে কলেজের সুনাম বৃদ্ধি করেছেন।

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।