গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:৫২ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ১১:৩৪ এএম

নীলগাইয়ের নতুন চার শাবকের দুরন্তপনায় প্রাণবন্ত সাফারি পার্ক

জাতীয়
গণমাধ্যম ডেক্স
নীলগাইয়ের নতুন চার শাবকের দুরন্তপনায় প্রাণবন্ত সাফারি পার্ক

বনের সবুজ গাছপালার ফাঁকে ফাঁকে ঘুরে বেড়াচ্ছে নীলগাইয়ের চারটি ছোট শাবক। কখনো মায়ের পেছনে পেছনে ছুটছে, কখনো আবার মায়ের কাছাকাছি গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে। শাবকগুলোর প্রতিটি নড়াচড়ায় যেন সতর্ক নজর মায়ের। এভাবেই মায়ের স্নেহ আর নিরাপত্তায় বেড়ে উঠছে গাজীপুর সাফারি পার্কে জন্ম নেওয়া নতুন চার শাবক।

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত গাজীপুর সাফারি পার্কের কোর সাফারি এলাকায় আজ বৃহস্পতিবার সকালে দেখা যায় নীলগাইয়ের এই নতুন সদস্যদের দুরন্তপনা। প্রায় দেড় মাস আগে প্রথম চারটি শাবককে একসঙ্গে বিচরণ করতে দেখেন পার্কের কর্মীরা। এর পর থেকে তাদের নিরাপত্তা ও বেড়ে ওঠার বিষয়ে বিশেষ নজরে রাখছে পার্ক কর্তৃপক্ষ।

পার্কে গিয়ে দেখা যায়, চার শাবকের মধ্যে কয়েকটি মায়ের কাছাকাছি ঘোরাফেরা করছে। কোনোটি গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছে। মা নীলগাইটি কিছুটা দূরে দাঁড়িয়ে কিংবা বসে থেকে শাবকগুলোর দিকে সতর্ক দৃষ্টি রাখছে। আশপাশে মানুষের উপস্থিতি টের পেলেই শাবকদের নিয়ে দ্রুত নিরাপদ দূরত্বে সরে যাচ্ছে। ফলে খুব কাছ থেকে শাবকগুলোকে দেখার সুযোগ পাওয়া যাচ্ছে না।

প্রায় দেড় মাস আগে প্রথম চারটি শাবককে একসঙ্গে বিচরণ করতে দেখেন পার্কের কর্মীরা। তবে সব সময় তাদের একসঙ্গে দেখা যায় না

পার্ক কর্তৃপক্ষ জানায়, পার্কে বর্তমানে প্রাপ্তবয়স্ক নীলগাইয়ের সংখ্যা ৯। এর মধ্যে স্ত্রী দুটি। সাফারি পার্কের স্ত্রী দুটি নীলগাই দুটি করে বাচ্চা দিয়েছে। এদের কাছাকাছি যাওয়া যাচ্ছে না। তাই নতুন বাচ্চাগুলোর লিঙ্গ নির্ধারণ করা যায়নি। দেখে এরা সুস্থ আছে বলেই মনে হচ্ছে তাঁদের।

মাস দেড়েক আগে পার্কের কোর সাফারি এলাকায় নীলগাইয়ের সঙ্গে নতুন চারটি শাবককে বিচরণ করতে দেখা যায় বলে জানায় পার্ক কর্তৃপক্ষ। এর পর থেকেই তাদের প্রতি বিশেষ নজর রাখা হচ্ছে।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক তারেক রহমান বলেন, বিভিন্ন সময়ে দেশের সীমান্তবর্তী এলাকায় উদ্ধার করা দুটি নীলগাই গাজীপুর সাফারি পার্কে আনা হয়। পরে এই পার্কেই বাকিগুলোর জন্ম হয়। তিনি বলেন, নতুন শাবকগুলোর নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে তাঁরা তৎপর আছেন।

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।