গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:৫০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ১২:০৮ পিএম

বাবার নির্মিত সিনেমায় প্রথমবার ভাবনা, ২০ নভেম্বর মুক্তি

জাতীয়
গণমাধ্যম ডেক্স
বাবার নির্মিত সিনেমায় প্রথমবার ভাবনা, ২০ নভেম্বর মুক্তি

দেশভাগ ও ভাষা আন্দোলনের পটভূমি ও পারিবারিক গল্পে কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে ‘যাপিত জীবন’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ২০ নভেম্বর। সরকারি অনুদানে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের এই সিনেমাটি পরিচালনা করছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনার বাবা হাবিবুল ইসলাম হাবিব। চিত্রনাট্য করেছেন অনিমেষ আইচ ও ইমতিয়াজ হৃদয়। পরিবেশক জাজ মাল্টিমিডিয়া মঙ্গলবার রাতে সিনেমার পোস্টার প্রকাশ করে মুক্তির খবর দিয়েছে। মুক্তির আগে ‘যাপিত জীবন’ সিনেমার একটি পোস্টার প্রকাশ পেয়েছে। অভিনেত্রী আশনা হাবিব ভাবনা জানিয়েছেন, পোস্টার প্রকাশের পর থেকেই দর্শক মহলের বেশ সাড়া পেয়েছেন। ভাবনা বলেন, “পোস্টারের ভেতরেই একধরনের স্থিরতা ও স্বস্তি রয়েছে। সোশাল মিডিয়ায় সব ইতিবাচক মন্তব্য পাচ্ছি। পোস্টারের মাঝখানে একটি পরিবারের ছবি ফুটিয়ে তোলা হয়েছে, যা দেখে মধ্যবিত্ত পরিবারগুলো পুরো পরিবার নিয়ে সিনেমা হলে আসার আগ্রহ দেখাচ্ছে।” ২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টাকা অনুদান পাওয়া এই সিনেমার পেছনে নিজস্ব উদ্যোগ ও কঠোর পরিশ্রম যুক্ত ছিল বলে জানিয়েছে ভাবনা বলেন, “অন্য সিনেমাতে আমি শুধুই একজন অভিনেত্রী, কিন্তু এটি আমাদের নিজস্ব প্রডাকশন হওয়ায় সব বিষয়ের সঙ্গেই যুক্ত থাকতে হয়েছে। রাজবাড়ির গোয়ালন্দে আমরা ২০ দিন শুটিং করেছি। সেখানে আবেগ আর আনন্দের নানা মুহূর্ত তৈরি হয়েছিল।” বাবার পরিচালনায় কাজ করা নিয়ে তিনি বলেন, “আমার বাবা হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে এটি আমার প্রথম সিনেমা। আবার কখনো একসঙ্গে কাজ করবো কি না জানি না, তাই এটি আমার সারা জীবনের জন্য একটি অন্যতম মেমোরি ও ইতিহাস হয়ে থাকবে।” সিনেমাটি দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আশাবাদী এই অভিনেত্রী। ভাবনা বলেন, “এটি আমাদের দেশের গল্প, অনুভূতির গল্প, বেদনার গল্প, আর মানুষের শেকড় ও অস্তিত্বের গল্প। সিনেমাটি দর্শকদের গভীরভাবে ভাবাবে এবং নতুন বোধ তৈরি করবে।” চলচ্চিত্রটিতে প্রথমবারের মত জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনেতা আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী। আফজাল হোসেন বলেন, “সিনেমাটি অত্যন্ত পারিবারিক আবহে সিনেমাটির কাজ সম্পন্ন হয়েছে। পারিবারিক একটি গল্প। কাজ করে ভীষণ ভালো লাগছে। সবকিছু দারুণভাবে এগোচ্ছে। আমার বিশ্বাস খুব ভালো একটা নির্মাণ যাপিত জীবন।” চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে গত ২০২৪ সালের নভেম্বরে ছাড়পত্র মিলেছে চলচ্চিত্রটির। এই সিনেমায় আরও অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, গাজী রাকায়েত, আজাদ আবুল কালাম, মামুনুর রশীদ, কাজী হায়াত, সমাপ্তি ও ডলি জহুরসহ আরও অনেকে।

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।