গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:৫০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ১২:০১ পিএম

রোনালদোর বিদায় এত সহজে হতে দেবে না পর্তুগাল

জাতীয়
গণমাধ্যম ডেক্স
রোনালদোর বিদায় এত সহজে হতে দেবে না পর্তুগাল

একটি যুগের শেষ। আন্তর্জাতিক ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর ২৩ বছরের পথচলার সমাপ্তি। কিন্তু পর্তুগালের সর্বকালের সেরা ফুটবল তারকাদের একজনের বিদায়টাকে এত সহজে হতে দিতে চায় না দেশটির ফুটবল ফেডারেশন।

রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ারের সঙ্গে মানানসই বিদায়ী সংবর্ধনার আয়োজন করতে চায় তারা। এমন এক আয়োজন, যেখানে সমর্থকেরা আরেকবার তাঁদের প্রিয় অধিনায়ককে অভিবাদন জানাতে পারবেন।

আজ আন্তর্জাতিক ফুটবল থেকে রোনালদোর অবসরের ঘোষণার পর এক বিবৃতিতে নিজেদের অবস্থান জানিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। সেখানে রোনালদোর প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশের পাশাপাশি ফেডারেশন জানিয়েছে, যথাযথ সম্মাননা ছাড়া এই বিদায় হতে দিতে রাজি নয় তারা।

বিবৃতিতে রোনালদোকে শুধু অসাধারণ একজন খেলোয়াড় নয়, বরং অনুপ্রেরণাদায়ী নেতা, নিবেদনের উদাহরণ এবং জাতীয় দলের চেতনার সবচেয়ে বড় প্রতীক হিসেবে অভিহিত করেছে এফপিএফ। ফেডারেশনের ভাষায়, ‘জাতীয় দলের হয়ে কিংবদন্তিতুল্য আন্তর্জাতিক ক্যারিয়ারে অধিনায়ক ২৩৪ ম্যাচ খেলেছেন, গোল করেছেন ১৪৬টি। দেশকে কাঁধে তুলে নিয়েছেন, ভেঙেছেন একের পর এক রেকর্ড। পর্তুগিজ ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে, এমন অনেক অর্জনের পথে দলকে নেতৃত্ব দিয়েছেন।’

রোনালদোর প্রতিটি ঘামের বিন্দু, প্রতিটি গুরুত্বপূর্ণ গোল এবং মাঠে অধিনায়কের আর্মব্যান্ডের প্রতি সম্মান—সবকিছুই পর্তুগালের জার্সির প্রতি তাঁর নিঃশর্ত ভালোবাসার প্রতিফলন বলে উল্লেখ করেছে ফেডারেশন। তাদের মতে, রোনালদো পর্তুগালের নাম বিশ্বে উজ্জ্বল করতে ভূমিকা রেখেছেন।

পর্তুগালের হয়ে ২৩ বছরে ২৩৪ ম্যাচ খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো

বিবৃতির সবচেয়ে আবেগঘন অংশে ফেডারেশন লিখেছে, ‘এই বিদায় যেন যথাযথ সম্মাননা ছাড়া না হয়, এটি আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। ক্রিস্টিয়ানো রোনালদোর বিশাল ক্যারিয়ারের উপযুক্ত সম্মান জানাতে আমরা আয়োজন করতে চাই, পরিকল্পনা করতে চাই এবং সক্রিয়ভাবে সহযোগিতা করতে চাই। এমন একটি আয়োজন, যেখানে সমর্থকেরা ও পুরো দেশ আরেকবার সেই খেলোয়াড়কে অভিবাদন জানাতে ও উদ্‌যাপন করতে পারবে, যিনি আমাদের এত কিছু দিয়েছেন।’

বিবৃতির শেষটাও রোনালদোকে ঘিরে আবেগের—‘সবকিছুর জন্য ধন্যবাদ, অধিনায়ক! এই বাড়ি সব সময় তোমারই থাকবে। চলো, এক হাজারতম গোলের দিকে এগিয়ে যাই!’

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।