গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৯:৩২ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৬:০৭ পিএম

নারীদের পিছিয়ে রেখে আত্মনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব নয়: সংস্কৃতি প্রতিমন্ত্রী 

জাতীয়
গণমাধ্যম ডেক্স
নারীদের পিছিয়ে রেখে আত্মনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব নয়: সংস্কৃতি প্রতিমন্ত্রী 
যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে পুরুষের তুলনায় নারীদের অংশগ্রহণ অনেক কম হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, যুবকদের পাশাপাশি নারীদেরও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। নারীদের পিছিয়ে রেখে আত্মনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব নয়। এ জন্য প্রশিক্ষণে নারী-পুরুষের অংশগ্রহণের ব্যবধান কমাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও উদ্যোগী হতে হবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রাজবাড়ীর আলাদিপুর যুব প্রশিক্ষণ কেন্দ্রে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার চায়, যুবক-যুবতীরা প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে আত্মনির্ভরশীল হয়ে উঠুক। এ লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম আরও এগিয়ে নেওয়া হবে। আমি খুব তাড়াতাড়ি আবার আসব এবং কোন কোন কোর্স কীভাবে পরিচালিত হচ্ছে, সেসব বিষয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব।’ প্রশিক্ষণে নারী-পুরুষের অংশগ্রহণের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, চলতি অর্থবছরে বিভিন্ন প্রশিক্ষণে পুরুষের অংশগ্রহণ ৫২২ জন, আর নারীর সংখ্যা মাত্র ৬২ জন। অর্থাৎ দুই পক্ষের অংশগ্রহণে বড় ধরনের ব্যবধান রয়েছে। গবাদিপশু, হাঁস-মুরগি পালন ও মৎস্য চাষের মতো প্রশিক্ষণেও নারীদের অংশগ্রহণ তুলনামূলক কম। তিনি আরও বলেন, নারীদের এগিয়ে নিতে চাইলে প্রশিক্ষণের সুযোগেও তাদের সমানভাবে সম্পৃক্ত করতে হবে। কেন নারী প্রশিক্ষণার্থীর সংখ্যা এত কম, তা সংশ্লিষ্টদের খতিয়ে দেখতে হবে। এক্ষেত্রে কর্মকর্তাদের যথাযথ পরিকল্পনা ও প্রস্তুতি থাকা প্রয়োজন। পাশাপাশি চলতি অর্থবছরের প্রশিক্ষণ ও অন্যান্য কার্যক্রমের পৃথক হিসাব প্রস্তুত করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেন তিনি। সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, রাজবাড়ী যুব প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ১৩ হাজার ১৬৩ জনকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে গবাদিপশু পালন, হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ, কৃষি ও হর্টিকালচারসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম চলছে। রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মীর মনির হোসেন, রাজবাড়ী যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক চায়না ব্যানার্জীসহ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থীরা।  

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।