প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৯:৩২ পিএম || প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৬:৩৪ পিএম
শিশু অধিকার সুরক্ষায় বিদ্যমান আইনগুলোর যথাযথ প্রয়োগ ও বাস্তবায়ন, পর্যাপ্ত বাজেট বরাদ্দ এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের নবগঠিত ‘শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাস’-এর প্রথম বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বিষয়ে কথা বলেন।
কায়সার কামাল বলেন, ‘প্রতিটি শিশুর অধিকার নিশ্চিত করতে দলমত, শ্রেণি-পেশা কিংবা সমতল ও পাহাড়ি অঞ্চলের কোনো বিভাজন থাকা উচিত নয়। শিশু অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’
ডেপুটি স্পিকার বলেন, ‘দেশে শিশু অধিকার ও সুরক্ষার বিষয়ে অনেক আইন রয়েছে। তবে আইনের যথাযথ প্রয়োগ ও বাস্তবায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে আইন, বাজেট এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয়ের পাশাপাশি স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। শিশু অধিকার বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে সরকারের প্রচার-প্রচারণা জোরদার করতে হবে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে কর্মরত ব্যক্তিদের যথাযথ প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণ প্রয়োজন।’
তিনি বলেন, ‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং শিশুদের অধিকার প্রতিষ্ঠায় সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সংসদ ও সংশ্লিষ্ট সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।’
ককাসের কার্যক্রম গতিশীল করতে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি। শিশু অধিকার-সংশ্লিষ্ট প্রস্তাবিত আইন ও খসড়া আইন পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন ডেপুটি স্পিকার। প্রয়োজনে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে সংশোধনী প্রস্তাব উত্থাপন করা যেতে পারে বলেও জানান তিনি।
বৈঠকে ককাসের সদস্য মোরশেদ মিলটন, এ কে এম ফজলুল হক মিলন, শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, আন্না মিন্জ ও মাধবী মার্মা অংশগ্রহণ করেন। এ ছাড়া জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ও প্রতিনিধি, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রতিনিধিসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী ও সংস্থার প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।
সূত্র: নতুন আরএসএস সোর্স