গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৯:৫৯ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৬:৪৩ পিএম

নওগাঁয় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

জাতীয়
গণমাধ্যম ডেক্স
নওগাঁয় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নওগাঁর মান্দা উপজেলার ১১ নম্বর কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিভিন্ন উন্নয়নমূলক কাজের অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার বিভাগ তার বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ বিষয়টি প্রকাশ্যে আসে। এর আগে, রোববার (১ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (ইউপি-১ শাখা) থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়নমূলক কাজের অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। তার এ ধরনের কার্যক্রম ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে আইনবহির্ভূত এবং ইউনিয়ন পরিষদ ও জনস্বার্থের পরিপন্থি।

এতে আরও উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে সংঘটিত অপরাধমূলক কার্যক্রম স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) (খ) ও (ঘ) ধারায় অপরাধের আওতাভুক্ত হওয়ায় একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অবিলম্বে কার্যকর হবে। এছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি নওগাঁর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।