জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়ের মামলায় আওয়ামী লীগ নেতা মো. মনোয়ারুল হাসান মিলনকে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার মনোয়ারুল হাসানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠনো হয়েছে।
গ্রেপ্তার মনোয়ারুল হাসান মিলন সরিষাবাড়ী থানাধীন ছাতারিয়া গ্রামের মৃত আমজাদ হোসেন সরকারের ছেলে এবং ১ নং সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসম্পাদক।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সম্প্রতি সরিষাবাড়ীর বাউসী পঞ্চপীর বাজার এলাকায় আসামিরা বেআইনি জনতাবদ্ধ হয়ে মিছিলের প্রস্তুতি নেয়। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বাধা দিলে তারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। আত্মরক্ষার্থে নেতাকর্মীরা বাউসী পঞ্চপীর বাজারস্থ বিএনপি দলীয় কার্যালয়ে আশ্রয় নিলে আসামিরা সেখানে প্রবেশ করে ভাঙচুর চালায়।
এ সময় কার্যালয়ে থাকা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি নেতা তারেক রহমানের ছবি ও কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে এবং ভবিষ্যতে কার্যালয় খুললে প্রাণনাশের হুমকিও দেয় তারা।
এ ঘটনার প্রেক্ষিতে সরিষাবাড়ী পৌর ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ছামিউল হক রিপন বাদী হয়ে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন।
মামলা রুজুর পর গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী থানা পুলিশ অভিযান পরিচালনা করে নিজ বাসা থেকে মো. মনোয়ারুল হাসান মিলনকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করে। পুলিশের (সিডিএমএস) তথ্য অনুযায়ী, ধৃত আসামির বিরুদ্ধে এর আগেও সরিষাবাড়ী থানায় বিস্ফোরক দ্রব্য আইনসহ মারামারি ও দণ্ডবিধির একাধিক ধারায় তিনটি মামলা রয়েছে।
সরিষাবাড়ী থানার তদন্তকারী কর্মকর্তা সিদ্দিকুর রহমান সিদ্দিক জানান, ঘটনার সঙ্গে আসামির সম্পৃক্ততার পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে কারাগারে পাঠানোর আবেদন জানিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্তের প্রয়োজনে পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে। মামলাটির তদন্ত কার্যক্রম বর্তমানে অব্যাহত রয়েছে।
সূত্র: নতুন আরএসএস সোর্স