গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১২:৪০ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৩:৩০ পিএম

অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না ম্যাককেনা

জাতীয়
গণমাধ্যম ডেক্স
অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না ম্যাককেনা

হলিউডে অভিনয়ের ক্ষেত্রে নিজের কিছু নীতিতে অটল থাকতে চান অভিনেত্রী ম্যাককেনা গ্রেস। নগ্নতা কিংবা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্য রয়েছে, এমন চরিত্রে অভিনয় করতে আগ্রহী নন তিনি। কারণ, তাঁর দীর্ঘদিনের স্বপ্ন একদিন বড় পর্দায় ডিজনির রাজকন্যা হয়ে ওঠা।

সম্প্রতি কসমোপলিটন সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অভিনয়ের পছন্দ-অপছন্দ নিয়ে কথা বলেন ম্যাককেনা। ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’ ছবির প্রচারণার সময় তাঁকে প্রশ্ন করা হয়েছিল, কোন ধরনের চরিত্রের প্রস্তাব পেলে তিনি ফিরিয়ে দেবেন?

জবাবে অভিনেত্রী বলেন, ‘এই মুহূর্তে আমি নগ্নতা কিংবা অতিরিক্ত যৌন আবেদনময় কোনো দৃশ্যে অভিনয় করি না। যাঁরা এসব করতে স্বচ্ছন্দ, তাঁদের আমি সম্মান করি। কিন্তু আমার কাছে বিষয়টি ভীষণ ভীতিকর। ভবিষ্যতে আমার এই মনোভাব বদলাবে কি না, জানি না। অবশ্য তার মানে এই নয় যে আমি শুধু পরিচ্ছন্ন বা নিরীহ চরিত্রেই অভিনয় করি। “স্ক্রিম” ছবিতে আমার চরিত্রকে ঘোস্টফেস আক্ষরিক অর্থেই নৃশংসভাবে হত্যা করে। তবে আমার স্বপ্ন, একদিন ডিজনির রাজকন্যা হওয়ার।’

ম্যাককেনা গ্রেস। আইএমডিবি

ম্যাককেনার এই বক্তব্য মনে করিয়ে দিয়েছে অভিনেত্রী অ্যামি অ্যাডামসের কথা। ২০০৭ সালে ‘এনচ্যান্টেড’ ছবিতে জিসেল চরিত্রে অভিনয় করে ডিজনির রাজকন্যা হিসেবে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। চরিত্রটির জনপ্রিয়তা ও শিশুদর্শকের ভালোবাসার কথা বিবেচনা করে পরবর্তী সময়ে কিছু অশালীন কৌতুকনির্ভর কাজেও রাজি হননি অ্যামি।

একবার স্যাটারডে নাইট লাইভ অনুষ্ঠানের একটি রসাত্মক গানে অংশ নেওয়ার প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু গানটির বিষয়বস্তু ছিল বেশ খোলামেলা। প্রস্তাবটি ফিরিয়ে দেন অ্যামি। পরে অ্যান্ডি সামবার্গ জানান, অ্যামির যুক্তি ছিল, এনচ্যান্টেড দেখে অনেক ছোট শিশু তাঁর ভক্ত হয়েছে। তারা ওই পরিবেশনা দেখলে বিব্রত হতে পারে।

ম্যাককেনা গ্রেস। আইএমডিবি

তাই এমন কাজের সঙ্গে তিনি নিজের পরিচিত চরিত্রের ভাবমূর্তি মেলাতে চাননি।
এদিকে সম্প্রতি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় না করার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন আরেক হলিউড অভিনেত্রী আমান্ডা সাইফ্রিডও। সেপ্টেম্বরে হ্যাম্পটনস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিনি জানান, ঘন ঘন যৌন দৃশ্য রয়েছে—এমন একটি সিরিজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। অপরিচিত কারও সঙ্গে নগ্ন দৃশ্যে অভিনয় করতে তিনি এখন স্বচ্ছন্দ নন বলেও জানান।

নগ্ন দৃশ্যের শুটিংয়ে বহিরাগত, ক্ষুব্ধ নায়িকা

ম্যাককেনা গ্রেসের হাতে এখন বেশ কিছু বড় প্রকল্প। ‘স্ক্রিম ৭’ ছবিতে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে তাঁকে। ২০ নভেম্বর মুক্তির অপেক্ষায় থাকা ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’ ছবিতে মেইসিলি ডোনার চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া নেটফ্লিক্সের লাইভ অ্যাকশন ‘স্কুবি-ডু’ সিরিজে ড্যাফনি চরিত্রেও দেখা যাবে তাঁকে।

ভ্যারাইটি অবলম্বনে

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।