গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০২:১৪ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৫:৫২ পিএম

১ লাখ গাছ রোপণ করল আড়ং

জাতীয়
গণমাধ্যম ডেক্স
১ লাখ গাছ রোপণ করল আড়ং

ব্র্যাক এবং মিশন গ্রিন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে আড়ং তাদের ‘ব্রিং ইয়োর ওন ব্যাগ’ (Bring Your Own Bag—BYOB) ক্যাম্পেইনের অংশ হিসেবে বাংলাদেশের ৪২টি জেলায় এক লাখের বেশি গাছ রোপণ করেছে।/////// এ উদ্যোগের মাধ্যমে ক্যাম্পেইন থেকে অর্জিত অর্থ পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রমে ব্যয় করা হচ্ছে। একই সঙ্গে সহায়তা করা হচ্ছে গ্রামীণ পরিবারগুলোকে এবং সম্প্রসারণ করা হচ্ছে সবুজের পরিসর।

ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ বলেন, ‘ব্রিং ইয়োর ওন ব্যাগ উদ্যোগের শুরু হয়েছিল একটি সহজ অভ্যাসের পরিবর্তন দিয়ে—নিজেদের কাছে থাকা ব্যাগ সঙ্গে নিয়ে বের হওয়া এবং তা আবার ব্যবহার করা। আজ আমাদের দৈনন্দিন জীবনের এই ছোট সিদ্ধান্তগুলোই গাছ রোপণ, সবুজের পরিসর পুনরুদ্ধার এবং বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখছে।’

২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত আগের বছরের একই সময়ের তুলনায় BYOB ক্যাম্পেইনের মাধ্যমে কাগজের ব্যাগের ব্যবহার ৪৬ দশমিক ৮ লাখের বেশি কমানো সম্ভব হয়েছে, যা আনুমানিক ৬ হাজার গাছ সংরক্ষণের সমান। এ সময় কাগজের ব্যাগ বিক্রি থেকে ২ কোটি ৯০ লাখ টাকা আয় হয়েছে। আড়ং এ সম্পূর্ণ অর্থ গাছ রোপণ ও পরিবেশ পুনরুদ্ধারমূলক উদ্যোগে ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছে।

এই প্রতিশ্রুতির অংশ হিসেবে ব্র্যাকের ‘আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন’ কর্মসূচির মাধ্যমে ৯৫ হাজার ৩৮২টি ফলদ, কাঠজাত ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণে অর্থায়ন করেছে আড়ং। ৪২টি জেলার ২১০টি উপজেলায় ৪০ হাজার ১টি পরিবারের মধ্যে এসব চারা বিতরণ করা হয়েছে। ফলে পরিবারগুলো পারিবারিক পুষ্টির চাহিদা পূরণে সহায়তা পাবে, সম্ভাব্য আয়ের উৎস তৈরি করতে পারবে এবং দীর্ঘ মেয়াদে অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হয়ে উঠতে পারবে।

এ ছাড়া আড়ং মিশন গ্রিন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে মিয়াওয়াকি ফরেস্ট গড়ে তুলছে। এই পদ্ধতিতে তুলনামূলকভাবে ছোট জায়গায় দেশীয় প্রজাতির গাছ ঘনভাবে রোপণ করে নিবিড় ও জীববৈচিত্র্যসমৃদ্ধ সবুজ এলাকা তৈরি করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জের মিয়াওয়াকি ফরেস্টে আড়ং তাদের গ্রাহক ও গণমাধ্যমকর্মীদের নিয়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। এর মাধ্যমে ক্যাম্পেইনটিকে সমর্থন জানিয়ে আসা অংশগ্রহণকারীরা সরাসরি এ উদ্যোগে অবদান রাখার সুযোগ পান।

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।