গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেছেন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন দেখা গেলেও মানুষের জীবনে মৌলিক কোনো পরিবর্তন আসেনি।
বৃহস্পতিবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে আবুল হাসান রুবেল এ কথা বলেন।
রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের ১১ বছর পূর্তি উপলক্ষে গণসংহতি আন্দোলন এ কর্মসূচি আয়োজন করে। এদিন দলটির দুই মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আবুল হাসান রুবেল।
আবুল হাসান রুবেল বলেন, বাংলাদেশে দীর্ঘ সময় ধরে একটি লুণ্ঠনকারী ও ফ্যাসিবাদী গোষ্ঠী রাষ্ট্রক্ষমতা দখল করে রেখেছিল। তারা লুটপাটের এমন ব্যবস্থা কায়েম করেছিল, যেখানে মানুষের সব অধিকার ভূলুণ্ঠিত হয়েছে। বর্তমানে গণতান্ত্রিক সরকার নির্বাচিত হওয়ার পর কিছু ক্ষেত্রে পরিবর্তন এলেও জনগণের জীবনে মৌলিক পরিবর্তন আনার মতো বড় কোনো পরিবর্তন হয়নি।
গণসংহতি আন্দোলনের এই নেতা বলেন, জনগণের জীবনে মৌলিক পরিবর্তন আনতে না পারায় তাঁদের লড়াই অব্যাহত রয়েছে। সরকারের ভেতরে তাঁদের যে সীমিত অংশগ্রহণ রয়েছে, তা দিয়ে জনগণের পক্ষে যতটুকু ভূমিকা রাখা সম্ভব, তাঁরা তা রাখবেন।
এ সময় গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাচ্চু ভূঁইয়া, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মনিরুল হুদা, সাভার ও আশুলিয়া থানার নেতারাসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
দুই মাসের কর্মসূচি
গণসংহতি আন্দোলনের ঘোষিত দুই মাসের কর্মসূচির মধ্যে রয়েছে সদস্য সংগ্রহ ও নবায়ন, অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে আলোচনা সভা, মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলের সন্তোষে শ্রদ্ধা নিবেদন ও সমাবেশ, দেশব্যাপী আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া, বর্জ্য অপসারণ ও কর্মশালা।
আগামী ১১ ডিসেম্বর ঢাকায় প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালির মধ্য দিয়ে দুই মাসের কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।
সূত্র: প্রথম আলো