সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে জয় তুলেছে বাংলাদেশ। মোহাম্মদ ইব্রাহিমের গোলে ১-০তে জিতেছে লাল-সবুজের দল। পুরোটা সময় বাংলাদেশ আধিপত্য দেখালেও গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৬৯ মিনিট পর্যন্ত। জিতে বেশ খুশি বাংলাদেশ কোচ থমাস ডুলি। ঘরের মাঠে জাতীয় স্টেডিয়ামে শুরুতেই একের পর এক আক্রমণ গড়ে বাংলাদেশ। ৬৯ মিনিটে একমাত্র গোলটি করেন ইব্রাহিম। ঘরের মাঠে এমন জয়ে বেশ খুশি বাংলাদেশ কোচ থমাস ডুলি। বললেন, ‘এই ম্যাচ জিতে আমি বেশ খুশি। ৯০ মিনিট ধরে ম্যাচ খেলতে পারবেন না, প্রথম ৩০ মিনিটে যেভাবে খেলেছেন, পুরো ৯০ মিনিট সেভাবে খেলা সম্ভব নয়। তাই এটা খুবই কঠিন। কিন্তু ভুটানের বিরুদ্ধে আমরা জানি, এ নিয়ে আমরা কথাও বলেছি। তাদের যদি জায়গা দেয়া হয়, তারা খেলতে পারে। তারা দ্রুতগতির এবং তাদের বলের নিয়ন্ত্রণও ভালো। যতক্ষণ আমরা তাদের সাথে বডি কন্টাক্ট রাখতে পারব, চাপে রাখতে পারব, মনে হয় আমরা ঠিক আছি। সেজন্যই ওই ১৫ মিনিট আমরা তাদের থেকে অনেকদূরে সরে গিয়েছিলাম। কারণটা কী, তা অবশ্যই আমরা দলের সাথে ম্যাচ নিয়ে আলোচনা করব এবং যেভাবে খেলেছি তাতে খুশি থাকব। এ নিয়ে কোন সন্দেহ নেই। ঘরের মাঠে দর্শকশূণ্য গ্যালারি নিয়ে বাংলাদেশ কোচ বললেন, ‘জানি না মাঝেমধ্যে সপ্তাহের এমন একটা দিন খেলা থাকে যেদিন সবাই আসতে পারে না বা অন্যকোন কারণ থাকে। কত লোক উপস্থিত হয়েছিল জানি না। তবে আমাদের খেলোয়াড়দের দৌড়াতে ও কঠোর পরিশ্রম করার জন্য অনুপ্রাণিত করার মতো যথেষ্ট দর্শক ছিল। তাই আমরা ম্যাচ জিতেছি, হয়তো এখন যে সমর্থকরা আসেননি, তারা ভাববেন পরেরবার আমাকে যেতে হবে কারণ এটা আর মিস করতে চাই না।’