গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৮:৩১ এএম

ট্রাম্প প্রশাসনের ওপর নজরদারি বাড়ানোর ঘোষণা ডেমোক্র্যাটদের

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ট্রাম্প প্রশাসনের ওপর নজরদারি বাড়ানোর ঘোষণা ডেমোক্র্যাটদের
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ওপর নজরদারি বাড়ানোর ঘোষণা দিয়েছেন ডেমোক্র্যাট নেতারা। আগামী দুই বছর প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড তদন্ত, গুরুত্বপূর্ণ নিয়োগ আটকে দেওয়া এবং ট্রাম্পের আইন প্রণয়নের পরিকল্পনায় বাধা দেওয়ার ক্ষমতা পাবে দলটি। নির্বাচনে ডেমোক্র্যাটরা সিনেটে অন্তত ৫৪টি আসন পেয়েছে। প্রতিনিধি পরিষদেও তাদের আসন বেড়েছে অন্তত ৩০টি। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকার পর এবারই প্রথম ট্রাম্পকে কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণের মুখে পড়তে হচ্ছে। প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস বলেন, নতুন সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে তাদের প্রধান লক্ষ্য হবে মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করা। তিনি বলেন, তারা ডোনাল্ড ট্রাম্পের জন্য কাজ করেন না, কাজ করেন মার্কিন জনগণের জন্য। জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে ডেমোক্র্যাটরা ট্রাম্প প্রশাসন, তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহযোগীদের কর্মকাণ্ড তদন্ত করতে পারবেন। বড় আইন প্রণয়নের ক্ষেত্রেও সরকারের কাছে বিভিন্ন দাবি জানাতে পারবেন। সিনেটে সংখ্যাগরিষ্ঠতার কারণে ট্রাম্পের মনোনীত বিভিন্ন পদপ্রার্থীর নিয়োগ আটকে দেওয়ার ক্ষমতাও থাকবে তাদের। সুপ্রিম কোর্টে কোনো বিচারপতির পদ শূন্য হলে নতুন বিচারপতি নিয়োগেও বাধা দিতে পারবেন ডেমোক্র্যাটরা। এদিকে নির্বাচনে পরাজয়ের পর প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন জানিয়েছেন, আগামী বছর তিনি আর রিপাবলিকানদের নেতৃত্ব দেবেন না। ফলে দলটির নেতৃত্বেও পরিবর্তন আসছে। তবে আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেস দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত রিপাবলিকানদের হাতেই কংগ্রেসের নিয়ন্ত্রণ থাকবে। এ সময়ের মধ্যে ডিসেম্বরের পর কেন্দ্রীয় সরকারের ব্যয় চালু রাখতে নতুন অর্থায়ন বিল পাস করাতে হবে। এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের অগ্রাধিকারগুলো বাস্তবায়নের চেষ্টা করতে পারে দলটি। সূত্র: রয়টার্স

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।