গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১১:৪৬ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৮:৩৩ এএম

এখন ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ভাবছেন ডেমোক্র্যাটরা

জাতীয়
গণমাধ্যম ডেক্স
এখন ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ভাবছেন ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় জয়ের পর এবার ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করেছেন ডেমোক্র্যাট নেতারা। দলটির সম্ভাব্য প্রার্থীরা আগেভাগেই দাতাদের সঙ্গে যোগাযোগ, গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য সফর এবং নিজেদের পরিচিতি বাড়ানোর কাজে নেমেছেন। তবে এখন পর্যন্ত কাউকে সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে এগিয়ে রাখা যাচ্ছে না।

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয় মেয়াদে নির্বাচনে অংশ নিতে পারবেন না। ফলে ২০২৮ সালের নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হওয়ার আলোচনায় রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

অন্যদিকে ডেমোক্র্যাটদের সম্ভাব্য প্রার্থীর সংখ্যা অনেক বেশি হতে পারে। দলটির মধ্যে নির্বাচনি কৌশল নিয়েও মতভেদ রয়েছে। স্বাস্থ্যসেবা, করনীতি, পুলিশিং ও পররাষ্ট্রনীতির মতো বিষয়ে দলটি মধ্যপন্থায় থাকবে, নাকি আরও বামঘেঁষা অবস্থান নেবে- তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয় ট্রাম্পের নীতি ও নেতৃত্বের প্রতি ভোটারদের অসন্তোষের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। তবে এই জয় ২০২৮ সালের নির্বাচনে দলটির জন্য কোন রাজনৈতিক কৌশল সবচেয়ে কার্যকর হবে, সেই বিতর্কও বাড়িয়ে দিয়েছে।

ডেমোক্র্যাট কৌশলবিদ ডগ সোসনিক বলেন, দলের মধ্যপন্থি ও প্রগতিশীল- উভয় অংশই নির্বাচনের ফলকে নিজেদের অবস্থানের পক্ষে প্রমাণ হিসেবে তুলে ধরবে। ফলে দলের ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা নিয়ে অভ্যন্তরীণ বিতর্ক তীব্র হতে পারে।

মিশিগানের সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদের জয় দলটির প্রগতিশীল অংশের জন্য উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে। তিনি রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে বড় ব্যবধানে হারিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম মুসলিম সদস্য নির্বাচিত হয়েছেন।

২০২৮ সালের নির্বাচনে সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থীদের মধ্যে রয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম, কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার, সাবেক পরিবহনমন্ত্রী পিট বুটিজেজ এবং নিউইয়র্কের কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ।

তবে রয়টার্সের পক্ষ থেকে দলটির সম্ভাব্য নয়জন প্রার্থীর প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউই ২০২৮ সালের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেননি।

নির্বাচনের পর সম্ভাব্য প্রার্থীরা নেভাদা, নিউ হ্যাম্পশায়ার ও সাউথ ক্যারোলাইনার মতো আগাম প্রার্থী বাছাইয়ের অঙ্গরাজ্যগুলোতে প্রচার চালিয়েছেন। আগামী ১২ নভেম্বর ডেনভারে ডেমোক্র্যাটদের একটি বৈঠকেও কয়েকজন সম্ভাব্য প্রার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে। সেখানে দলের ভবিষ্যৎ নেতৃত্ব ও রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা হবে।

ডেমোক্র্যাট কৌশলবিদ স্কট ফারসন মনে করেন, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলটির প্রার্থী বাছাইয়ের প্রতিযোগিতায় বিপুলসংখ্যক নেতা অংশ নিতে পারেন। তার ভাষ্য, অন্তত ৩০ জন ডেমোক্র্যাট নেতা ঘনিষ্ঠজনদের কাছে নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে মতামত চাইছেন।

সূত্র: রয়টার্স
 

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।