গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০১:২৬ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১০:২৯ এএম

ইকরার সঙ্গে কাটানো সুন্দর স্মৃতি মনে পড়লে কষ্ট হয়: জাহের আলভী

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ইকরার সঙ্গে কাটানো সুন্দর স্মৃতি মনে পড়লে কষ্ট হয়: জাহের আলভী

১৬ বছরের দীর্ঘ পথচলা। একসঙ্গে এক ছাদের নিচে কাটানো মুহূর্তগুলো আজও তরতাজা। কিন্তু সময়ের নিষ্ঠুর পরিবর্তনে আজ স্ত্রী ইকরার সঙ্গে সেই স্মৃতিগুলোই বুকের ভেতর এক অচেনা বেদনা হয়ে বাজে। অভিনেতা জাহের আলভী সম্প্রতি কালবেলা এন্টারটেইনমেন্টের এক সাক্ষাৎকারে তার জীবনের সবচেয়ে কঠিন ও সংবেদনশীল সময়গুলো নিয়ে কথা বলেছেন। ইকরাকে হারানোর সেই কষ্টকে সঙ্গী করে কীভাবে তিনি সামনে এগোনোর চেষ্টা করছেন, তা উঠে এসেছে তার এই খোলামেলা কথোপকথনে।

স্ত্রী ইকরার সঙ্গে কাটানো অজস্র সুন্দর স্মৃতি মনে পড়লে আজও কষ্ট হয় বলে জানান এই অভিনেতা। তবে সেই কষ্টকে চিরতরে বয়ে বেড়াতে চান না তিনি। আলভী বলেন, তিনি সবসময় অনুভব করতে চান যে তার স্ত্রী ইকরা তার সঙ্গেই আছেন, সন্তানের মা হয়ে পাশে আছেন এবং যেখানেই থাকুন না কেন তাদের আশীর্বাদ করছেন। জোর করে কোনো স্মৃতি মন থেকে মুছে ফেলতে নারাজ তিনি। তার মতে, অতীতে একসঙ্গে কাটানো প্রতিটি ছোটখাটো বিষয়ই তাদের সম্পর্কের সুন্দর দলিল।

প্রিয়জনকে হারানোর পর তার পুরো পৃথিবীর কেন্দ্রবিন্দু এখন একমাত্র সন্তান। ছেলেকে সমাজের সব ধরনের নেতিবাচকতা এবং বিষাক্ত মানুষের কাছ থেকে নিরাপদে দূরে রাখাই এখন তার জীবনের প্রধান লক্ষ্য। মায়ের অভাব হয়তো কোনোভাবেই পুরোপুরি পূরণ করা সম্ভব নয়, তবে চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না তিনি। শুটিংয়ের ব্যস্ততার মাঝেও ছেলের খোঁজখবর রাখা এবং তার সান্নিধ্যে ফিরে যাওয়ার আকুলতা প্রকাশ পায় তার কথায়। শুটিং শেষ করে কখন সন্তানের কাছে ফিরবেন, সেই অপেক্ষার কথা জানিয়ে তিনি বলেন, খুব বেশিক্ষণ দূরে থাকা তার নিজের জন্যই এখন কষ্টকর হয়ে ওঠে।

সন্তানের মানসিক অবস্থার কথা বলতে গিয়ে চিকিৎসকদের পরামর্শের দিকটি তুলে ধরেন আলভী। চাইল্ড স্পেশালিস্ট ও মনোরোগ চিকিৎসকদের পরামর্শ মেনে সন্তানকে কোনো জোর করে বা আকস্মিক রিয়েলিটি চেক দেওয়া হচ্ছে না। প্রকৃতিগতভাবে বা স্বাভাবিকভাবেই যেন সে শোক কাটিয়ে উঠতে পারে, সেই সময়টুকু তাকে দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত সন্তানকে এই বিষয় নিয়ে খুব একটা খোলাখুলি কথা বলতে দেখেননি তিনি।

জীবনের এই কঠিন অধ্যায়ে দাঁড়িয়ে তার একমাত্র সান্ত্বনা সন্তানকে বুকে জড়িয়ে ধরার অনুভূতি। সন্তানকে জড়িয়ে ধরার মুহূর্তটির বর্ণনা দিয়ে আলভী বলেন, একসময় তার ভেতরে প্রবল শ্বাসকষ্ট ও অস্থিরতা কাজ করছিল। কিন্তু সন্তানকে বুকে পাওয়ার সঙ্গে সঙ্গেই তার মনে হয়েছে তিনি বেঁচে আছেন এবং তাকে বাঁচতে হবে। ভবিষ্যৎ নিয়ে এখন আর সুদূর পরিকল্পনা করতে চান না তিনি। বাবা ও ছেলের একসঙ্গে এগিয়ে যাওয়া এবং নিজের ক্যারিয়ার নিয়েই এখন তার সমস্ত মনোযোগ।

উল্লেখ্য, ব্যক্তিগত জীবনের একটি কঠিন অধ্যায়, কারাবাস ও আইনি প্রক্রিয়া শেষে প্রায় সাত মাসের দীর্ঘ বিরতি কাটিয়ে অক্টোবরের মাঝামাঝি সময়ে আবারও নাটকের শুটিংয়ে ফিরেছেন জাহের আলভী। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ভক্তদের ভালোবাসা ও সমর্থনের আহ্বান জানান।

শুটিংয়ে ফিরে তিনি নতুন বেশ কিছু কাজ শুরু করেছেন। এর মধ্যে তার নতুন নাটকগুলোর কাজ বেশ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সম্প্রতি তার অভিনীত ‘জমিদার’সহ বিভিন্ন নতুন নাটকের শুটিং ও প্রচারের খবর পাওয়া গেছে। এর আগে তার অভিনীত ‘জীবন সংসার’, ‘এক টুকরো সংসার’ কিংবা ‘আদি’-এর মতো পারিবারিক ও সামাজিক গল্পের নাটকগুলো ইউটিউব ও টিভি চ্যানেলে বেশ জনপ্রিয়তা লাভ করেছিল।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।