গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০২:০১ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৫:০০ এএম

এখন থেকে অংশীদারি ব্যবসা ও সোসাইটির নিবন্ধন হবে ৩০ কার্যদিবসে

জাতীয়
গণমাধ্যম ডেক্স
এখন থেকে অংশীদারি ব্যবসা ও সোসাইটির নিবন্ধন হবে ৩০ কার্যদিবসে

অংশীদারি ব্যবসা ও সোসাইটি নিবন্ধনে দীর্ঘসূত্রতা কমানোর সময়সীমা বেঁধে দিয়েছে সরকার। এখন থেকে আবেদন পাওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন দিতে হবে। আর দীর্ঘদিন ধরে ঝুলে থাকা আবেদন আগামী তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এ জন্য নতুন নির্দেশনা জারি করেছে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি)। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা সংস্থাটি গত সোমবার এমন নির্দেশনা জারি করেছে।

এ নিয়ে জানতে চাইলে আরজেএসসির নিবন্ধক (অতিরিক্ত সচিব) আহমেদ উল্লাহ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ নিশ্চিত, নাগরিকসেবা সহজ ও অনিষ্পন্ন আবেদন দ্রুত নিষ্পত্তি করা এবং দাপ্তরিক কাজে গতিশীলতা ও স্বচ্ছতা আনার উদ্দেশে নির্দেশনাটি দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, অনলাইনে নিবন্ধনের আবেদন পাওয়ার তারিখ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে যাচাই-বাছাই করে নিবন্ধন দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন দেওয়া সম্ভব না হলে কারণ উল্লেখ করে তা পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে জানিয়ে দেওয়া হবে।

আবেদনে কোনো ত্রুটি বা ঘাটতি থাকলে তা সংশোধন বা পূরণের জন্য আবেদনকারীকে ৭ থেকে ১৫ দিনের সময় প্রদান করা হবে এবং আবেদনকারীকে বিষয়টি ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

জমে থাকা আবেদনগুলো তিন মাসের মধ্যে চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হবে। অনিষ্পন্ন আবেদন নিষ্পত্তি করে এ বিষয়ে একটি প্রতিবেদন আরজেএসসির নিবন্ধকের কাছে দাখিল করবেন নিবন্ধনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন অনুমোদন অথবা নামঞ্জুর করে আবেদন চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে হবে।

পার্টনারশিপ ফার্মের নিবন্ধন এখনো ১৯৩২ সালের অংশীদারি আইন অনুযায়ী হয়। আর সোসাইটি নিবন্ধন করা হয় ১৮৬০ সালের সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী।

আরজেএসসির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৬৪ হাজার ২২টি অংশীদারি প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে। দেশে বছরে গড়ে নিবন্ধন হয় দুই হাজার প্রতিষ্ঠানের। নিবন্ধিত সোসাইটির মোট সংখ্যা ১৭ হাজার ৪২৯। বছরে সোসাইটি নিবন্ধন হয় ২০০টি। একক বছর হিসেবে সবচেয়ে বেশি সোসাইটি নিবন্ধন হয়েছে গত অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫–২৬ অর্থবছরে। এ সময় সোসাইটি নিবন্ধন হয় ৯৪১টি সোসাইটি।

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।