প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০২:৫৬ পিএম || প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১১:৪১ এএম
রাওয়ালপিন্ডি, চেন্নাই, ডারউইন ও আবু ধাবির পর এবার দেশের মাটিতেও পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন হাসান মাহমুদ। সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে প্রথম সাত ব্যাটসম্যানের পাঁচজনকেই সাজঘরে ফিরিয়েছেন ২৭ বছর বয়সী এই পেসার।
টেস্ট ক্যারিয়ারে এটি হাসানের পঞ্চমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট শিকার। বাংলাদেশের পেসারদের মধ্যে এই কীর্তিতে এখন এককভাবে সবার ওপরে অবস্থান হাসান মাহমুদের। এত দিন চারবার করে পাঁচ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন শাহাদাত হোসেন ও হাসান।
তবে শাহাদাতের চেয়ে অনেক কম ম্যাচ খেলেই তাকে ছাড়িয়ে গেছেন হাসান। প্রায় ১০ বছরের টেস্ট ক্যারিয়ারে ৩৮ ম্যাচের ৬০ ইনিংসে চারবার পাঁচ উইকেট পেয়েছিলেন শাহাদাত। আর মাত্র ১৯ ম্যাচ খেলেই পাঁচবার এই কীর্তি গড়লেন হাসান।
বাংলাদেশের হয়ে টেস্টে ইনিংসে সর্বোচ্চ পাঁচ উইকেট নেওয়ার সামগ্রিক তালিকায় অবশ্য স্পিনারদেরই আধিপত্য। ১৯ বার করে পাঁচ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। তাদের ধারেকাছেও এখনো পৌঁছাতে পারেননি দেশের পেসাররা।
হাসান মাহমুদের ফাইফারের সৌজন্যেই দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির আগ পর্যন্ত ৮ উইকেটে ৩২২ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।
সূত্র: নতুন আরএসএস সোর্স