চট্টগ্রামের সীতাকুণ্ডে লরিচাপায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) শিক্ষার্থী নিহতের ঘটনায় চালক মোহাম্মদ রিয়াজ উদ্দিনকে (৩২) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ৫ (নভেম্বর) তাকে নগরীর পাঁচলাইশ এলাকা থেকে যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে মর্মে রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য দিয়েছে পুলিশ।
গ্রেপ্তার রিয়াজ উদ্দিন নোয়াখালী সদর থানার বাটির টেক এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. আবু তাহেরের ছেলে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
এর আগে সীতাকুণ্ড উপজেলার কুমিরায় ৩ নভেম্বর সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে পেছন থেকে লরির ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে চাপা পড়ে নিহত হন আইআইইউসির ইংরেজি ভাষা সাহিত্যে বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মাইশা মুশফিরাত।
রাস্তার পাশে থাকা সি সি ফুটেজে দেখা যায়, মাইশা বাসে উঠতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিমে রাস্তার পাশে অবস্থান করছিলেন। এ সময় তার সামনে থাকা একটি মিনি বাসকে পেছন থেকে লরি ধাক্কা দেয়। এতে মিনি বাসটি উল্টে গিয়ে মাইর সাথে চাপ দেয়। তাতে ঘটনস্থলে মাইশার মৃত্যু হয়।
ঘটনার পর থেকেই পালিয়ে যায় লরিচালক। এদিকে আইআইইউসি ক্যাম্পাসে বিষয়টি ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ দীর্ঘ পাঁচ ঘন্টা অবরোধ করে রাখেন।
অবরোধ চলাকালে শিক্ষার্থীরা ৬ দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে দুর্ঘটনায় জড়িত লরি চালককে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি ছিল অন্যতম। পরে চট্টগ্রাম জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন।
ঘটনার পর থেকে শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে চট্টগ্রাম জেলা পুলিশ দুর্ঘটনায় জড়িত লরি চালককে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তৎপরতা চালায়। বৃহস্পতিবার নগরীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সূত্র: নতুন আরএসএস সোর্স