গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬, ০৪:১৫ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৫৫ এএম

সেঞ্চুরির পথে সাদমান, প্রথমদিনে দুইশ পেরিয়ে বাংলাদেশ

জাতীয়
নিজস্ব প্রতিবেদক
সেঞ্চুরির পথে সাদমান, প্রথমদিনে দুইশ পেরিয়ে বাংলাদেশ

দুপুরের পর থেকে মেঘাচ্ছন্ন আকাশে ফ্লাডলাইটে চলছিল খেলা। তৃতীয় সেশনে ১১ ওভার ব্যাটিংয়ের পর বাধে বিপত্তি। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন নম্বর গেট সংলগ্ন ফ্লাডলাইটে আগুন লেগে কিছুপর বন্ধ হয়ে যায়। তাতে খেলাও বন্ধ করে দিতে হয় কিছুক্ষণ। ৫৩ মিনিট পর পুনরায় খেলা গড়ায়। আলোকস্বল্পতায় ১৫ মিনিট পর দিনের খেলাই শেষের ঘোষণা দেন দুই আম্পায়ার। সাদমান ইসলাম দুর্দান্ত ব্যাটিং করছেন। টাইগার ওপেনার সেঞ্চুরি থেকে ১ রান দূরে। ছন্দে ছিলেন তাওহীদ হৃদয়ও। বাঁ-পায়ের হাঁটুর নিচে চোট পেয়ে তাকে মাঠ ছাড়তে হয় স্ট্রেচারে। ঘটনাবহুল দিনে লড়াই নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে বাংলাদেশ। দিনের খেলায় দুইশ পেরিয়েছে টিম টাইগার্স। বুধবার মিরপুরে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ হওয়ার আগে ৭৪ ওভারে ৩ উইকেটে ২১৩ রান জমেছে বোর্ডে। সাদমান ২১৯ বলে ৯৯ রানে এবং লিটন দাস ২৮ বলে ১০ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় ৯ রানে ওপেনার তানজিদ তামিমের উইকেট হারায়। ২৩ বলে ৭ রান করে জেইডেন সিলসের বলে জাস্টিন গ্রিভসের ক্যাচ হন তিনি। দ্বিতীয় উইকেটে মুমিনুল হক ও সাদমান যোগ করেন ৫৯ রান। দলীয় ৬৮ রানে মুমিনুল আউট হলে জুটি ভাঙে। ৫১ বলে ২৮ রান করে যান তিনি। তৃতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও সাদমান যোগ করেন ৪২ রান। ৪২ বলে ১৯ রানে শান্ত আউট হলে জুটি ভাঙে। এরপর হৃদয় ও সাদমান বড় জুটি গড়ার পথে ছিলেন। তৃতীয় সেশনের শুরুর দিকে হৃদয় চোট পান। প্রথম দফায় ফিজিওর সহায়তা নিয়ে ব্যাটে ফিরছিলেন। কিছু সময় ফের অস্বস্তি অনুভব করেন। শেষঅবধি স্ট্রেচারে মাঠ ছাড়তে হয়েছে তাকে। ৮৪ বলে ৪২ রান করে রিটায়ার্ড হার্ট হন। সাদমানকে সঙ্গ দিতে আসেন লিটন। ৫.১ ওভার খেলার পর ফ্লাডলাইটে আগুন লাগে। বন্ধ হয়ে যায় খেলা। ৫৩ মিনিট পর ফের গড়ায় মাঠের লড়াই। তবে ৪ ওভার পর দিনের খেলা শেষ হয়। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের হয়ে জোমেল ওয়ারিক্যান ২ উইকেট নেন। জেইডেন সিলেস নেন এক উইকেট।

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।