গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৪:৫৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১২:৫৮ পিএম

মরিশাসে কর্মস্থলে দুর্ঘটনা, ৩ বাংলাদেশির মৃত্যু

জাতীয়
গণমাধ্যম ডেক্স
মরিশাসে কর্মস্থলে দুর্ঘটনা, ৩ বাংলাদেশির মৃত্যু
মরিশাসে কর্মস্থলে মালামাল ওঠানো-নামানোর সময় ভারী কাচের প্যানেলভর্তি একটি ক্রেট পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেলে দেশটির উত্তরাঞ্চলের প্লেইন দেস পাপায়েস এলাকার মসজিদ রোডে একটি প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) এবং সিকদার জুবায়ের ইসলাম (২৫)। মরিশাসের স্থানীয় সংবাদমাধ্যম লে দেফি মিডিয়া ও লে মরিসিয়েনের প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিকরা কাচের প্যানেলভর্তি একটি ক্রেট সরানোর সময় সেটি দুর্ঘটনাবশত তাদের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। লে মরিসিয়েনের প্রাথমিক তথ্য অনুযায়ী, শ্রমিকেরা একটি কনটেইনার থেকে ৬ ফুট বাই ৮ ফুট আকারের ৪১টি কাচের শিটভর্তি ক্রেট নামাচ্ছিলেন। এ সময় ভারী ক্রেটটি হঠাৎ উল্টে তাদের ওপর পড়ে। দুর্ঘটনার পর প্লেইন দেস পাপায়েস পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। উদ্ধারকাজে যোগ দেয় মরিশাস ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের সদস্যরা। পরে নিহতদের মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে নেওয়া হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি দেশটির শ্রম মন্ত্রণালয়ও তদন্ত করতে পারে বলে জানা গেছে। তদন্তে কর্মক্ষেত্রে নিরাপত্তাবিধি মানা হয়েছিল কি না, ভারী মালামাল ওঠানো-নামানোর জন্য যথাযথ সরঞ্জাম ও পদ্ধতি ব্যবহার করা হয়েছিল কি না এবং শ্রমিকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও তদারকি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে। নিরাপত্তাবিধি লঙ্ঘন বা অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়ী করা হতে পারে। এদিকে নিহত তিন বাংলাদেশির মরদেহ দেশে পাঠানোর বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। সূত্র: দেফি মিডিয়া

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।