গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৫:৩৯ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৮:৫৯ এএম

চ্যাটজিপিটির সঙ্গে কথা বলে জানা যাবে নিজেদের আর্থিক লেনদেনের তথ্য

জাতীয়
গণমাধ্যম ডেক্স
চ্যাটজিপিটির সঙ্গে কথা বলে জানা যাবে নিজেদের আর্থিক লেনদেনের তথ্য

ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনার কাজ আরও সহজ করতে চ্যাটজিপিটির ফিন্যান্স টুলে ভয়েস–সুবিধা যুক্ত করেছে ওপেনএআই। এর ফলে এখন থেকে ব্যবহারকারীরা কোনো কিছু টাইপ না করেই চ্যাটজিপিটির সঙ্গে কথা বলে নিজেদের আয়-ব্যয়, লেনদেন ও সঞ্চয় সম্পর্কে জানতে পারবেন। চ্যাটবটের উত্তর শোনার সময় মাঝপথে কথা বলে নতুন প্রশ্ন করার সুযোগও থাকছে। ফলে ব্যক্তিগত আর্থিক বিষয় নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন হবে স্বাভাবিক ও সাবলীল।

ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটি ফিন্যান্সে যুক্ত হওয়া ভয়েস–সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা মানুষের সঙ্গে কথা বলার মতো করেই নিজেদের আর্থিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন। বর্তমান আর্থিক অবস্থা কেমন, কোথায় কত টাকা খরচ হচ্ছে কিংবা সঞ্চয়ের অগ্রগতি কতটুকু—এ ধরনের প্রশ্নের উত্তর জানতে আর লিখিত নির্দেশনা দিতে হবে না। তবে এ সুবিধা ব্যবহারের জন্য ব্যবহারকারীদের নিজেদের আর্থিক হিসাব চ্যাটজিপিটি ফিন্যান্সের সঙ্গে যুক্ত করতে হবে। নতুন এ সুবিধা প্রাথমিকভাবে শুধু যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা ব্যবহার করতে পারবেন।

চ্যাটজিপিটিসহ অন্য এআই চ্যাটবটকে যে ৭ তথ্য দেওয়া যাবে না

গত ১৫ মে যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে চালুর পর থেকে চ্যাটজিপিটি ফিন্যান্সে বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করেছে ওপেনএআই। এর মধ্যে অন্যতম হচ্ছে ‘উইকলি আপডেটস’। এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা প্রতি সপ্তাহে নিজেদের আর্থিক অবস্থার হালনাগাদ তথ্য ও বিশ্লেষণ জানতে পারেন। এ ছাড়া শেয়ারবাজারে পছন্দের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের সর্বশেষ তথ্যও জানা যায় চ্যাটজিপিটি ফিন্যান্সে।

চ্যাটজিপিটি ফিন্যান্স শুরুতে শুধু চ্যাটজিপিটির প্রো সংস্করণের গ্রাহকেরা ব্যবহার করতে পারতেন। পরে নির্বাচিত কয়েকটি দেশের ফ্রি ও গো সংস্করণের ব্যবহারকারীদের জন্যও টুলটি উন্মুক্ত করা হয়।

সূত্র: গ্যাজেটস ৩৬০

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।