জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত এসব কর্মসূচি পালন করবে দলটি। কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল শনিবার (৭ নভেম্বর) রাজধানী ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা করবে বিএনপি। এতে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
দলীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১১টায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দলের জাতীয় নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।
একই দিন বেলা ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান শোভাযাত্রার উদ্বোধন করবেন। তার উদ্বোধনী বক্তব্যের পর শোভাযাত্রাটি শুরু হবে। একই দিনে সারা দেশের জেলা ও মহানগর পর্যায়েও র্যালি করবে দলটি। পরদিন ৮ নভেম্বর থানা ও উপজেলা পর্যায়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
এদিকে দিবসটি উপলক্ষে ৬ নভেম্বর শুক্রবার বিএনপির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। পাশাপাশি দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও পৃথক কর্মসূচি পালন করবে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১০ নভেম্বর যুবদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ৫ নভেম্বর শ্রমিক দল আলোচনা সভা করেছে। ৯ নভেম্বর সকাল ১১টায় কৃষক দলের আলোচনা সভা এবং একই দিন বিকেল ৩টায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এ ছাড়া ছাত্রদল ৭ নভেম্বর সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোকচিত্র প্রদর্শনী এবং ৮ নভেম্বর আলোচনা সভার আয়োজন করবে। ওলামা দল এতিম শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করবে।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এসব কর্মসূচি দলের এক যৌথসভায় সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এতে বিএনপির যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
ঘোষিত কর্মসূচি সফল করতে ঢাকাসহ সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
সূত্র: নতুন আরএসএস সোর্স